ইত্তেফাক রিপোর্ট
করোনার এমন পরিস্থিতিতেও গত সপ্তাহে সূচক বেড়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে শেয়ারবাজারে। এ সময়ে লেনদেনও বেড়েছে। একই সঙ্গে শেয়ারবাজারে মূলধন বেড়েছে ৪ হাজার ৮৬৮ কোটি টাকা। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ?্যমতে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৪৪ হাজার ৩২৬ কোটি ১০ লাখ ৯৪ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন তা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৮৬৮ কোটি ৬৬ লাখ ৯১ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৫৪২ কোটি ৫৫ লাখ ৯৬ হাজার টাকা বা দশমিক ৬৫ শতাংশ।
গত সপ্তাহের শুরুতে সিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৬৯ হাজার ৯৭৪ কোটি ৭৯ লাখ টাকা। সপ্তাহের শেষ দিন তা দাঁড়িয়েছে ৪ লাখ ৭১ হাজার ৩০০ কোটি ৫৯ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৩২৫ কোটি ৭৯ লাখ টাকা। দুই স্টক এক্সচেঞ্জে অর্থাত্ পুরো পুঁজিবাজারে বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৮৬৮ কোটি ৩৪ লাখ টাকা।
এদিকে, গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার ৬৫৪ কোটি ১৭ লাখ ৬৭ হাজার টাকা। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৭ হাজার ১৩ কোটি ৯৯ লাখ ৫৭ হাজার টাকা। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩ হাজার ৬৪০ কোটি ১৮ লাখ ১০ হাজার টাকা বা ৫১.৯০ শতাংশ।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে লেনদেন হয়েছে ৪০৮ কোটি ৩৯ লাখ টাকা। আগের সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিল ২৩৪ কোটি ৩০ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে।
গত এক সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৯৯ পয়েন্টে অবস্থান করছে। যা ডিএসইর ইতিহাসে রেকর্ড গড়েছে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৫৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ১৮৮টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির শেয়ার ও ইউনিট দর।
গত সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫১৫ পয়েন্টে। সিএসইর অন্য সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৮৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭০২ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৩৬৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৯২ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ২৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে গত সপ্তাহে ৩৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ১৭২টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির শেয়ার ও ইউনিট দর।
