ডিএসইর সূচকের সঙ্গে মার্জিন ঋণের নতুন নির্দেশনা

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ২০:৫৫

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সের সঙ্গে মার্জিন ঋণের সমন্বয়ের নতুন নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। করোনার বর্তমান অবস্থা বিবেচনায় এ নির্দেশনা জারি করেছে বিএসইসি। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা গত বৃহস্পতিবার জারি করা হয়েছে।

নতুন নির্দেশনায় উল্লেখ করা হয়, ডিএসইএক্স সূচক ৮ হাজার পর্যন্ত বিনিয়োগকারীরা তাদের নিজস্ব বিনিয়োগের বিপরীতে মার্জিন ঋণ গ্রহণের রেশিও ১:০.৮০ নির্ধারণ করা হয়েছে। অর্থাত্ গ্রাহকের নিজস্ব ১ টাকার বিনিয়োগের বিপরীতে সর্বোচ্চ ৮০ পয়সা মার্জিন ঋণ দেওয়া যাবে। আর ডিএসইএক্স সূচক ৮ হাজারের বেশির ক্ষেত্রে মার্জিন ঋণ রেশিও ১:০.৫০ নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে গ্রাহকের যত টাকা থাকবে তার অর্ধেক পর্যন্ত ঋণ পাওয়া যাবে। সে হিসাবে ৭ হাজার থেকে ৮ হাজার পর্যন্ত ডিএসইএক্স সূচকে মার্জিন ঋণ রেশিও ১:০.৫০ থেকে বাড়িয়ে ১:০.৮০ করা হয়েছে।