রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
টিসিবির পণ্য মুদি দোকানে বিক্রির অভিযোগে রায়পুর উপজেলার মিরগঞ্জ বাজার থেকে মো. স্বপন নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশের সহযোগিতায় তাকে আটক করে। এসময় স্বপনের পানপাড়া বাজারের পাটওয়ারী স্টোর থেকে টিসিবির পণ্য মসুর ডাল ১০০ কেজি (দুই বস্তা) ও ২০৮ লিটার তেল জব্দ করা হয়। এ বিষয়ে রায়পুর থানার ওসি আব্দুল জলিল জানান, লক্ষ্মীপুরের এনএসআই সদস্যরা একটি মুদি দোকান ও দুটি গোডাউনে অভিযান চালিয়ে টিসিবির পণ্য ১০০ কেজি মসুর ডাল ও ২০৮ লিটার তেল জব্দ করেছে। শনিবার দুপুরে আটককৃত ব্যবসায়ী স্বপনের বিরুদ্ধে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।
