হিলি দিয়ে আমদানি হচ্ছে কাঁচামরিচ

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ২১:০৬

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

দেশের বাজারে সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। শনিবার দুপুর ১২টায় ভারত থেকে ১৩ মেট্রিক টন কাঁচা মরিচ নিয়ে একটি ট্রাক বন্দরে প্রবেশ করে। এ বিষয়ে হিলি স্থল শুল্ক স্টেশনের উপ-কমিশনার মো. কামরুল ইসলাম জানান, দীর্ঘ আট মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হচ্ছে। শুল্ককর পরিশোধ করে ব্যবসায়ীরা যাতে দ্রুত বাজারে সরবরাহ করতে পারেন সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। হিলি স্থলবন্দরের আমদানিকারক আনোয়ার হোসেন বিনা জানান, কাঁচা মরিচের দাম হঠাত্ করে বৃদ্ধি পেয়েছে। যার কারণে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করছেন। আমদানির খবরে ইতিমধ্যে খুচরা ও পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম মানভেদে কেজিতে ৪০-৫০ টাকা কমেছে।