তিনি ছিলেন রাজনীতির কবি

আপডেট : ২৪ মে ২০২৪, ০৬:০০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি প্রতিশ্রুতির নাম, যিনি বিদগ্ধ এক জাতির চেতনায় মুক্তির আকাঙ্ক্ষা জাগিয়েছেন প্রবলভাবে, হূদয়ে স্বাধীনতার বীজ বুনেছেন দক্ষ হাতে। আর চোখে এঁকে দিয়েছেন একটি সোনালি স্বপ্ন। যে স্বপ্ন তরঙ্গের মতো আন্দোলিত করেছে পুরো জাতিকে।

পরাধীনতার চাদরে মোড়ানো বাঙালি জাতি যখন শোষণ, নিপীড়ন আর বৈষম্যের চরম শিখরে পৌঁছে হাঁপিয়ে উঠেছে, তখন সময়ের প্রয়োজনে আবির্ভূত হলেন এক মহাকবি। সেই কবি গণসূর্য নিয়ে মঞ্চে দাঁড়ালেন, শোনালেন গণমানুষের অধিকার আদায়ে তিনি আমৃত্যু লড়ে যাবেন। স্বাধীনতার প্রশ্নে তিনি আপসহীন। তার এক তর্জনীর হেলনিতেই সাহস সঞ্চার হলো নিদ্রিত জাতির বুকে। তিনি অমোঘ ডাক দিলেন। সেই ডাক অগ্রাহ্য হলো না। কেন হবে? এই কবি তো উজ্জীবিত হয়েছেন রুশ বিপ্লবের মূলমন্ত্রে—শোষিতের পক্ষে। উদ্দীপ্ত হয়েছেন নেতাজি সুভাষ বসুর স্বদেশি আন্দোলন থেকে। আর অন্তরে লালন করেছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদের মূলমন্ত্র। তার সুর গিয়ে মিলেছে গান্ধী-নেহেরুর নিয়মতান্ত্রিক আন্দোলনের সুরে। সেই সুর তো বৃথা যেতে পারে না। বৃথা যায়নিও বটে। তিনি নিজের আত্মপরিচয়, সংস্কৃতি এবং বাংলার হাজার বছরের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটকে হৃদয়ের গভীরে ধারণ করে রচনা করেছেন বাঙালির স্বাধীনতার মহান স্তাবক। এই কবিই হলেন সেদিনের টুঙ্গিপাড়ার ছোট খোকাটি, মেহনতি জনতার শেখ সাব, বন্ধু-সহকর্মীদের মুজিব ভাই আর কোটি প্রাণের বঙ্গবন্ধু। ৭ মার্চের রেসকোর্স ময়দানের যুগান্তকারী ভাষণের পর যুক্তরাষ্ট্রভিত্তিক সাপ্তাহিক ম্যাগাজিন নিউজউইক পত্রিকায় বঙ্গবন্ধুকে ‘পোয়েট অব পলিটিক্স’ বা ‘রাজনীতির কবি’ হিসেবে আখ্যায়িত করা হয়। বিশ্ব নেতারা বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদর্শিতায় বিস্মিত হয়েছেন। বিপ্লবী কিংবদন্তি এবং কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রো বলেছেন, ‘আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি।’

বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছিলেন। যে সোনার বাংলার মাটি, ধুলাবালি, আকাশ-বাতাস, নদ-নদী, পাক-পাখালি, গাছ-গাছালিরা সোনায় মোড়ানো থাকবে না; প্রতিটি মানুষ হবে একেকটি সোনার খনি। সেই স্বপ্ন রূপায়ণের আগেই নিভে যায় প্রদীপ শিখা। কিন্তু আজও টিকে আছে তার স্বপ্নসারথিরা। তারা স্বপ্নের জন্য লড়বে। আবার বিজয় আনবে। আবার কবিতা লিখবে।

লেখক: শিক্ষার্থী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

-