সোহেল সারোয়ার চঞ্চল
আজ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য একটি দিন। এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পুরো পরিবারকে হত্যা করা হয়। সেই কালো রাতে হত্যার শিকার হয়েছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আরেক স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল। আবাহনীর প্রতিষ্ঠাতা হলেও এই শেখ কামাল বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেন। কীভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন দুনিয়ার ক্রীড়াঙ্গনে মাথা উঁচু করে দাঁড়াবেন সেই ভাবনা এঁকে ছিলেন শহিদ শেখ কামাল। তার লক্ষ্য ছিল প্রথমে এশিয়ার ক্রীড়াঙ্গনে মাথা উঁচু করে দাঁড়াবে। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন ১৯৭৫ সালে মারদেকা কাপ ফুটবলে খেলতে যাওয়ার আগের স্মৃতি তুলে আনেন সংবাদ মাধ্যমের সামনে।
বঙ্গবন্ধু নিহত হওয়ার ঐ মাসেই জাতীয় ফুটবল মালয়েশিয়ায় মারদেকা কাপ ফুটবলে খেলতে যাওয়ার আগে বঙ্গবন্ধুর সঙ্গে জাতীয় দলের দেখা হয়। খেলোয়াড়দের সঙ্গে বঙ্গবন্ধু ছবিও তুলে ছিলেন। জাতীয় দলের অধিনায়ক ছিলেন কাজী সালাহউদ্দিন। সেই সব স্মৃতির কথা তুলে আনতে গিয়ে ক্রীড়াঙ্গন নিয়ে শেখ কামালের স্বপ্নের কথাগুলো বলেন। সালাহউদ্দিন বলেন, ‘শেখ কামালের অ্যাম্বিশন ছিল বাংলাদেশকে স্পোর্টস ওয়ার্ল্ডে সুপার পজিশনে নিয়ে যাওয়া। এটার একটা উদহারণ তুলে তৈরি করেছেন আবাহনীর মতো একটা সংগঠন তৈরি করে। আবাহনী এখন বাংলাদেশের জন্য শুধু একটা ক্লাবই না। এটা এখন একটি ইন্সটিটিউশন।’ যারা এদেশের অতীত জানেন, ক্রীড়াঙ্গনের অতীত জানেন, তারা ভালো বুঝবেন শেখ কামাল দেশের ক্রীড়াঙ্গনের জন্য কত উঁচু মানের সংগঠক ছিলেন। সংগঠক হারুনুর রশিদ, ফুটবলার সালাহউদ্দিন, স্বাধীনবাংলা ফুটবল দলের ম্যানেজার তানভীর মাজহার তান্না শেখ কামালের অন্যতম ঘনিষ্টজন ছিলেন। কাছ থেকে দেখেছেন। সালাহউদ্দিন বললেন, ‘শেখ কামাল বাংলাদেশকে দিয়ে এশিয়ার ফুটবলকে চ্যালেঞ্জ জানাতে চেয়েছিলেন।’
সালাহউদ্দিন বললেন, ‘আমরা মালয়েশিয়ায় মারদেকা কাপ ফুটবলে খেলতে যাব। আমার সঙ্গে শেখ কামালের কথা হয় বিমানবন্দরে। কামালেরও যাওয়ার কথা ছিল। কিন্তু যেতে পারেনি, বলেছিল পরে যাবে। আমরা টিম হোটেলে নাস্তা খাওয়ার সময় এক ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে আসছিল। সেখানেই জানতে পারি বাংলাদেশে ক্যু হয়েছে। বঙ্গবন্ধু এবং পুরো পরিবারকে হত্যা করা হয়েছে। আমাদের দুর্ভাগ্য এই ঘটনাগুলো আমাদের দেখতে হয়েছে। বাংলাদেশে এর চেয়ে কালো দিন আর আসবে না। বঙ্গবন্ধুর কারণেই দেশ স্বাধীন হয়েছে আমিও আজকে এখানে এ পর্যন্ত আসতে পেরেছি।’
