স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার ফুটবল লিগে আরেকটি জয় পয়েন্ট টেবিলে মোহামেডানকে ভালো অবস্থানে নিয়ে গেছে। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডান ২-১ গোলে রহমতগঞ্জকে হারিয়েছে। ২১ খেলায় ১১ জয়ে ৩৯ পয়েন্টে নিয়ে চতুর্থ স্থানে মোহামেডান এখন আবাহনীর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। সমান খেলায় সমান জয়ে এক পয়েন্ট বেশি নিয়ে মোহামেডানের ওপরে আবাহনী। আবাহনী যদি আরেকটি খেলায় পয়েন্ট হারায় আর মোহামেডান যদি পরবর্তী ম্যাচে জিতে যায়, তাহলে ওপরে উঠে যাবে সাদাকালো দল। এই দুই দলের জন্যই পরবর্তী ম্যাচ গুরুত্বপূর্ণ। ১৭ আগস্ট আবাহনীর খেলা শেখ রাসেলের বিপক্ষে। আর ২০ আগস্ট মোহামেডানের খেলা চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। মোহামেডান মনে করছে—তারা লিগে রানার্সআপ হলে এএফসি কাপের জন্য ডাক আসতে পারে; যদি ক্লাব লাইসেন্স-প্রক্রিয়া প্রস্তুত থাকে।
গতকাল রহমতগঞ্জের বিপক্ষে পিছিয়ে থেকে ম্যাচ জিতেছে। তাজিক ফুটবলার খুরশেদ লালকার্ড পেয়ে মাঠ ছাড়েন ৭৯ মিনিটে। অবশ্য তার আগেই মোহামেডান ২-১ গোলে এগিয়ে যায়। মোহামেডানের বিপক্ষে রহমতগঞ্জ গোল করে এগিয়ে ছিল। খেলা শুরু হওয়ার মুহূর্তেই মোহামেডানের ওপর কোপ বসায় রহমতগঞ্জ। খেলার তিন মিনিটেই পেনাল্টি থেকে গোল হজম করে মোহামেডান। রহমতগঞ্জের আক্রমণ ঠেকাতে গিয়ে অযাচিতভাবে মোহামেডানের আতিকুজ্জামান ফাউল করে বসেন। পেনাল্টি থেকে নাইজেরিয়ান ফেলিক্স চিডি গোল করেন ১-০। গোল করে আক্রমণে যাওয়ার চেয়ে উলটো চাপে পড়েছিল রহমতগঞ্জ। মোহামেডানের ক্যামেরুনের ইয়াসান, জাফর ইকবাল, ইভান, মালির ফুটবলার অধিনায়ক সুলায়মান দিয়াবাতে, বুরকিনা ফাসোর ডিফেন্ডার মুনজির কুলিদিয়াত, ডিফেন্ডার কামরুল ইসলাম, মাসুদ রানা, শাহেদদের আক্রমণে রহমতগঞ্জ এলোমেলো হয়ে পড়ে। গোললাইন থেকে মোহামেডানের বল ফিরে আসে। তৈরি করা সুযোগ কাজে আসছিল না। হাফ ডজন কর্নার পেয়েও কাজে লাগছিল না। শেষ পর্যন্ত ৩৯ মিনিটে অসাধারণ একটি গোল পায় মোহামেডান। ডিফেন্ডার কামরুল ইসলাম বাম পায়ে বাঁক খাওয়ানো শটে সবাইকে বোকা বানিয়ে গোল করেন ১-১। বলটা সবার মাথার ওপর দিয়ে রহমতগঞ্জের জালে কোনাকুনিভাবে ঢুকে যায়।
৭১ মিনিটে বুরকিনা ফাসোর ডিফেন্ডার মুনজির কুলিদিয়াত মোহামেডানকে এগিয়ে দেন ২-১। রহমতগঞ্জের রক্ষণ ভাগ তাকে পাহারা দিতে পারেনি। চোখ ফাঁকি দিয়ে গোল করে জিতিয়েছেন মোহামেডানকে। বেঁচে গিয়েছেন মোহামেডানের ডিফেন্ডার আতিকুজ্জামান। তার ভুলের কারণে মোহামেডান পিছিয়ে গিয়েছিল।
আগামীকালের খেলা
আরামবাগ ও উত্তর বারিধারা। ৪টা, কমলাপুর স্টেডিয়াম। শেখ জামাল ও পুলিশ।
৪টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।
