বার্সায় মেসির দায়িত্বে গ্রিজমানকে দেখছেন কুম্যান

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ২১:৪১

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসির অভাব অপূরণীয় সেটা ভালোমতোই জানেন রোনাল্ড কুম্যান।  কিন্তু কাউকে না কাউকে তো সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ডের জায়গা নিতে হবে। সেখানে বার্সেলোনা কোচের সেরা পছন্দ ফ্রেঞ্চ ফরোয়ার্ড অন্তোয়ান গ্রিজমান।

মেসিকে অতীত মেনে নিয়ে দলকে বর্তমানের সঙ্গে চলার আহ্বান জানিয়েছেন কুম্যান। সেই আহ্বানে সাড়া দিয়ে লা লিগায় আজ নিজেদের প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। ম্যাচটি সামনে রেখে সংবাদ সম্মেলনে কুম্যান বলেন, ‘মেসির চলে যাওয়া সব বার্সা ভক্তদের জন্যই বেদনাদায়ক। কিন্তু আমাদের অতীত নিয়ে বসে থাকলে চলবে না। আমাদের বর্তমানে থাকতে হবে, অতীতে নয়।’

মেসিহীন বার্সা যুগে গ্রিজমানকে বড় দায়িত্ব নেওয়ার কথা জানিয়ে রাখলেন কুম্যান। বার্সা কোচ বলেন, ‘আমি তার সঙ্গে কাজ করতে ভালোবাসি। সে একজন দলঅন্তঃপ্রাণ মানুষ, সবসময় খুশি থাকে, অনুপ্রেরণাও দেয়। তাকে আরো এক ধাপ এগিয়ে আসতে হবে এবং আরো নিখুঁত হতে হবে। মেসি চলে যাওয়ায় সে আরো গুরুত্বপূর্ণ হবে। কারণ সে-ই তার (মেসি) দায়িত্ব পালন করতে পারে।’