রুটের সেঞ্চুরিতে জবাব দিচ্ছে ইংল্যান্ড

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ২১:৪২

লর্ডসে টেস্টে ভারতের ৩৬৪ রানের বিপরীতে ভালোই জবাব দিচ্ছে ইংল্যান্ড। আরো সুনির্দিষ্ট করে বললে জবাব দিচ্ছেন অধিনায়ক জো রুট। দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই ব্যাটসম্যান। তাতে ভর করে ইংল্যান্ডও ছুটে যাচ্ছে রান পাহাড়ের দিকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তৃতীয় দিনে স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ২৯০ রান। ক্রিজে মঈন আলীর সঙ্গে ১২৮ রানে অপরাজিত আছেন রুট। ৩ উইকেটে ১১৯ রানে তৃতীয় দিন শুরু করে ইংল্যান্ড। ভারতীয় বোলারদের হতাশ করে উইকেট না খুইয়েই লাঞ্চে যায় তারা। কিন্তু বিরতির পর খেই হারান দুই বছর পর ফিফটির দেখা পাওয়া জনি বেয়ারস্টো (৫৭)। তাকে ফিরিয়ে ১২১ রানের জুটি ভাঙেন মোহাম্মদ সিরাজ। কিছুক্ষণ পর ফিরে যান জস বাটলারও। তবে উইকেটে অবিচল থেকে ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি ও টেস্টে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন রুট। পাশাপাশি প্রথম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে ১ বছরে ৫ সেঞ্চুরি করার কীর্তি গড়েন তিনি।