চট্টগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল মঙ্গলবার শুরু

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ২১:৪২

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

আগামী মঙ্গলবার চট্টগ্রামে শুরু হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা। ১১ জেলার ২২ দল ও চট্টগ্রাম সিটি করপোরেশনের দুটিসহ উভয় গ্রুপে সর্বমোট ২৪টি দল এ পর্যায়ে নকআউট পদ্ধতিতে খেলবে। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে প্রতিদিন খেলা হবে চারটি করে। স্বাস্থ্যবিধি মেনে দলগুলোকে মাঠে নামতে হবে। স্টেডিয়ামের গ্যালারিতে দর্শক প্রবেশের কোনো সুযোগ নেই। ১৮ জন খেলোয়াড় ও পাঁচ জন কর্মকর্তাসহ মোট ২৩ জনকে মাঠে প্রবেশের সুযোগ দেওয়া হবে। অংশগ্রহণকারী দলগুলোকে রাখা হবে নগরীর বিভিন্ন গেস্ট হাউজে। দৈনিক ভাতা ছাড়াও খেলোয়াড়দের দেওয়া হবে যাতায়াত ভাতা।

আট দিনব্যাপী টুর্নামেন্টের বাজেট ৩ লাখ টাকা। সমুদয় অর্থ ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ হতে আয়োজক চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থাকে দেওয়া হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল ২৪ আগস্ট। মঙ্গলবার বালক বিভাগে সকাল ৯টায় ফেনীর মুখোমুখি হবে কক্সবাজার জেলা। বিকাল ৪.৩০ মিনিটে কুমিল্লা খেলবে লক্ষ্মীপুর জেলার বিপক্ষে। এছাড়া বালিকা বিভাগে বেলা ১১টায় কক্সবাজারের বিপক্ষে মাঠে নামবে ফেনী জেলা এবং বিকাল ৩টায় অংশগ্রহণ করবে কুমিল্লা ও লক্ষ্মীপুর জেলা।  চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মিডিয়া সেন্টারে গতকাল শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে মিডিয়া কমিটির আহ্বায়ক আলী আব্বাস টুর্নামেন্ট আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন। কমিটির সদস্য সচিব সাংবাদিক মহসীন চৌধুরীর সঞ্চালনে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার মো. মিজানুর রহমান ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মো. আলমগীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।