ঘিওরে হুমকির মুখে
বসতবাড়ি, ফসলি জমি,
ব্যবস্থা নেওয়ার আশ্বাস
প্রশাসনের
ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জের ঘিওর উপজেলা পুরাতন ধলেশ্বরী, কালীগঙ্গা ও ইছামতি নদীতে ট্রলারের মধ্যে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় নদীর পাড়ের বসতবাড়ি এবং প্রায় ৩০০ হেক্টর ফসলি জমি হুমকির মুখে পড়েছে। উপজেলার পুরাতন ধলেশ্বরী, কালীগঙ্গা ও ইছামতি নদী থেকে অবৈধভাবে প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার ঘন ফুট বালু উত্তোলন করে বিক্রি করছে প্রভাবশালী চক্র। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের কুস্তা, নারচী, বেগুন নারচী, ঘিওর পূর্ব পাড়া, বাইলজুরি, মাইলাগী, বৈইলট, সিংজুরি, আশাপুর, উত্তর তরা, নকিববাড়ী, কেল্লাই, জাবরা এলাকাসহ বিভিন্ন গ্রামে নদীর পাড় ঘেঁষে ৩০-৪০টি নৌকা প্রতিদিন অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। ভয়ে কেউ কোনো প্রতিবাদ করতে সাহস পায় না। চক্রটির লোকজন বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করছে। এতে পরিবেশের ক্ষতির পাশাপাশি এলাকাবাসীর ফসলি জমি হুমকির মুখে পড়েছে। শুধু তাই নয়, যে কোনো সময় ধসে যেতে পারে নদী পাড়ের বাড়িঘরগুলো।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াদিয়া শাবাব জানান, ‘নদী থেকে অবৈধ বালু উত্তোনকারীরা সে যেই হোক তাদের আইনের আওতায় আনা হবে। আমরা তাদের বিরুদ্ধে দ্রুত মোবাইল কোর্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
