দুর্যোগ মোকাবিলায় সাইক্লোন প্রস্তুতি বিষয়ক পাঠ্যসূচি

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ২১:৪৫

ইত্তেফাক রিপোর্ট

দেশে দুর্যোগ মোকাবিলায় সরকারের সঙ্গে ডব্লিওএফপি শুরু করল সাইক্লোন প্রস্তুতি বিষয়ক পাঠ্যসূচি। গত শুক্রবার রাতে এক অনুষ্ঠানের মাধ্যমে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিওএফপি) ও জাতীয় সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম (সিপিপি)-এর নেতৃত্বদানকারী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় (এমওডিএমআর)-পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। কমিউনিটিভিত্তিক সাইক্লোন আর্লি ওয়ার্নিং সিস্টেমস্ বা সাইক্লোনের প্রাক-সতর্কীকরণ পদ্ধতির ওপর এই পাঠ্যসূচি চালু করা হয়।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসিন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ্ রেজওয়ান হায়াত,  সিপিপি-এর ডিরেক্টর আহমাদুল হক, কক্সবাজারের ডেপুটি কমিশনার মো. মামুনুর রশীদ, কক্সবাজারের ডব্লিওএফপির ইমার্জেন্সি কোঅর্ডিনেটর শিলা গ্রুডেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল ও ব্র্যাকের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ নতুন কিছু নয়, স্বাধীনতার আগে হওয়া সাইক্লোন ভোলা থেকে শুরু করে ২০২০ সালে সাইক্লোন আম্ফান ও এর মধ্যে হওয়া অনেক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের মানুষ জলবায়ু বিষয়ক ধাক্কার ক্ষেত্রে নিজেদের সহনশীলতা প্রমাণ করেছে।