সড়কদ্বীপে ফলের গাছ

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ২১:৫২

বিগত শতাব্দের আশি দশকের মাঝামাঝি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাইপাস চালু হলে মহাসড়কের চান্দিনার কাঠের পুল থেকে পালকি সিনেমা হল পর্যন্ত এক কিলোমিটার সড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুরাতন সড়কটির এই অংশে রয়েছে চান্দিনা বাজার। আশেপাশে উপজেলা পরিষদ কমপ্লেক্স, পৌরসভা কার্যালয়, স্বাস্থ্য কমপ্লেক্স ও থানাসহ বেশ কিছু সরকারি অফিস, বাসভবন। ইদানীং এখানকার সড়কদ্বীপে ব্যক্তিগত উদ্যোগে কাঁঠাল, পেয়ারা, চালতা, বরই ও আখসহ বিভিন্ন ফলের চারা রোপণ করা হয়েছে। এরই মধ্যে পেয়ারাগাছে ফল ধরেছে, খাওয়ার উপযোগী হয়েছে আখগুলো। এতেই বোঝা যায়, এসব গাছের পরিচর্যা হচ্ছে নিয়মিত। আর বেড়ে উঠছে ফলের গাছগুলো। এভাবে মহাসড়ক, আঞ্চলিক সড়ক বা পৌর এলাকার সড়কদ্বীপগুলোতে সৌন্দর্য বর্ধনকারী গাছের পাশাপাশি দেশীয় প্রজাতির ফলদ, ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হলে গণমানুষের পুষ্টি চাহিদাও পূরণ হবে। এক্ষেত্রে চান্দিনার পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অংশটি দৃষ্টান্ত হতে পারে।

মামশাদ কবীর, সিন্দুরিয়াপাড়া, ময়নামতি, কুমিল্লা