কুষ্টিয়া শহর থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবস্থান। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের আসন সংখ্যা সংকটের কারণে শিক্ষার্থীদের বড় একটি অংশকে থাকতে হয় কুষ্টিয়া শহরের মেস বা বাসাবাড়ি ভাড়া করে। অথচ মেসগুলোতে নেই সুপেয় পানির সহজলভ্যতা। সুপেয় পানি সংগ্রহ করতে হয় মেস থেকে প্রায় ৫০০ মিটার কিংবা ১ কিলোমিটার দূরের টিউবওয়েল থেকে। অন্যদিকে শহরে টিউবওয়েল অপ্রতুল। যে কারণে মাত্রাতিরিক্ত চাপের ফলে টিউবওয়েলগুলো ঘন ঘন নষ্ট হয়। গ্রীষ্মকালে পানির স্তর নিচে নেমে যাওয়ার ফলে টিউবওয়েলগুলোতে পানিই উঠতে চায় না। শিক্ষার্থীদের ভোগান্তি শুধুই বাড়ে। আবার টিউবওয়েলগুলো দূরে হওয়ায় সন্ধ্যার পর পানি সংগ্রহের সময় বখাটে ও টোকাইদের উপদ্রব পোহাতে হয়। অন্যদিকে ছাত্রাবাসগুলোতে মাত্রাতিরিক্ত আয়রনযুক্ত সাপ্লাই পানি ব্যবহারে দেখা দিয়েছে চুল ওঠাসহ ডায়রিয়া, চুলকানি ও ত্বকের নানা রোগ। এ অবস্থায়, এই জেলা শহরে অবস্থানরত শিক্ষার্থীদের সুপেয় পানির সংকট নিরসনে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আবদুর রহমান, শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়
