ঢাকার বাইরে জেলা-উপজেলায় কর্মরত নারী চিকিত্সকেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে কেউ কেউ হামলারও শিকার হয়েছেন। পিরোজপুরে জানালার গ্রিল কেটে এক চিকিত্সকের বাসায় ঢুকে ডাকাতি করা হয়েছে। তাকে পিটিয়ে জখম করা হয়েছে। গত বুধবার ভোরে জেলা হাসপাতাল ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী চিকিত্সক হলেন ডা. সানজিদা আজাদ শিফা (২৮)। তিনি পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত। এ ঘটনায় দেশের চিকিত্সক সমাজ উদ্বিগ্ন। সারা দেশে নারী চিকিত্সকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিত্সকেরা।
পিরোজপুরের পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, ইতিমধ্যে এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে এবং তারা পুলিশের কাছে ঘটনার কথা স্বীকার করেছে। এছাড়া চুরির পর পালিয়ে যাওয়ার সময় সিসি টিভিতে গ্রেফতারকৃতদের ফুটেজও পাওয়া গেছে। এদিকে এ ঘটনায় ‘সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশ’ উদ্বেগ প্রকাশ করে বলেছে, সোসাইটির সহযোগী সদস্য ডা. সানজিদা আজাদ। বুধবার ভোরে একটি সংঘবদ্ধ ডাকাত দল জানালার গ্রিল কেটে তার বাসায় প্রবেশ করে এবং নির্দয়ভাবে তাকে মারধর করে, একপর্যায়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়। পরে লোকজনের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা আলমারি থেকে নগদ ৫২ হাজার টাকা, একটি ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়।
সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কালাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. সাজ্জাদ খোন্দকার স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ঐ লোহমর্ষক ঘটনার পরিপ্রেক্ষিতে ডা. সানজিদা আজাদ শিফা মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি স্থানীয় থানায় মামলা করেছেন। সোসাইটির সব সদস্য মনে করেন, এ ধরনের অনভিপ্রেত ঘটনা প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা কার্যক্রম বিঘ্নিত করতে পারে। তাই সব সরকারি হাসপাতালে সুস্থ পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামানের বরাত দিয়ে পিরোজপুর অফিস জানায়, দস্যুতার ঘটনায় সানজিদা আজাদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সদর হাসপাতাল রোডের মাসুম হোসেন ও রাজীব হোসেন নামে দুই জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে মোট তিন জনের সম্পৃৃৃক্ততার কথা পুলিশের কাছে স্বীকার করায় তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। আগামী সোমবার এ ব্যাপারে শুনানির দিন ধার্য করা হয়েছে।
