প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে ব্যাংককে ব্যাপক বিক্ষোভ

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ২২:০৬

রেকর্ড সংখ্যক কোভিড-১৯ সংক্রমণের মধ্যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ-সমাবেশ ছত্রভঙ্গ করতে থাই পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও রাবার বুলেট নিক্ষেপ করলে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়। করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়েছে দেশটির সাধারণ মানুষ। তাদের দাবি, প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা এই মহামারি নিয়ন্ত্রণে সঠিক ভূমিকা পালন করতে পারেননি। সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার ২২ হাজারের বেশি নতুন করোনা রোগী শনাক্ত হয় এবং মৃত্যু হয় ২১৭ জনের।  সাধারণ মানুষের দাবি, করোনা পরিস্থিতি সঠিকভাবে সামাল দিতে না পারায় জনগণ ব্যাপক আর্থিক কষ্টে ভুগছে। একারণে তারা প্রধানমন্ত্রীকে ব্যর্থ হিসাবে উল্লেখ করেছেন। 

প্রতিবাদকারীরা ব্যাংককের বিজয় স্মৃতিস্তম্ভের একটি মোড়ে জড়ো হয়। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনসমাগমের উপর নিষেধাজ্ঞা চলছে দেশটিতে। কিন্তু তা অমান্য করে তারা ব্যাপক সংখ্যায় সেখানে জড়ো হয়। কৃষকদের অর্থনৈতিক কষ্টের প্রতীক হিসেবে পচা ফলের বস্তায় আগুন দেয় জনতা।

বিক্ষোভকারীরা একটি বড় ব্যানার হাতে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল। ব্যানারে লেখা ছিল, ‘প্রায়ুথকে অবিলম্বে বেরিয়ে আসতে হবে।’ পুলিশ কাঁটাতার এবং সারি সারি শিপিং কন্টেইনার ব্যবহার করে তাদের পথ আটকে দেয়। বিক্ষোভকারীরা সেটি ভাঙার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট এবং জল কামান নিক্ষেপ করে। -বিবিসি