তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন শনাক্ত ৬৮৮৫, মৃত্যু ১৭৮

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ২২:০৬

দেশে দৈনিক শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৭ হাজারের নিচে নেমেছে। একই সঙ্গে টানা দুই দিন মৃত্যুও ২০০-এর নিচে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৩৩০টি নমুনা পরীক্ষা করে ৬ হাজার ৮৮৫ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। গত তিন সপ্তাহে এক দিনে এটাই সবচেয়ে কম রোগী শনাক্তের খবর। এর আগে গত ২৪ জুলাই ৬ হাজার ৭৮০ রোগী শনাক্ত হয়েছিল। তারপর শুক্রবার পর্যন্ত দৈনিক শনাক্ত ৮ হাজারের নিচে আর নামেনি। এর মধ্যে ২৮ জুলাই দিনে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। নতুন শনাক্তদের নিয়ে দেশে গতকাল পর্যন্ত শনাক্ত করোনা ভাইরাসের রোগীর মোট সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ১২ হাজার ২১৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৬৬ শতাংশ। এই হার আগের দিন ছিল ২০ দশমিক ৮৩ শতাংশ। ডেলটার বিস্তারে কয়েক সপ্তাহ আগে তা ৩০ শতাংশের ওপরে ছিল। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগীদের মধ্যে ১৭৮ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩ হাজার ৯৮৮। সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন ৭ হাজার ৮০৫ জন। তাদের নিয়ে এই পর্যন্ত ১২ লাখ ৮১ হাজার ৩২৭ জন সুস্থ হলেন। দেশে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লাখ ৬ হাজার ৯০৩ জন। অর্থাত্ এই সংখ্যক মানুষ এখন নিশ্চিতভাবে করোনা ভাইরাস সংক্রমিত অবস্থায় রয়েছেন। গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ৪ হাজার ১৫৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। দেশে এ পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৮৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৭৩ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭০ শতাংশ।