কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের করোনা ইউনিটের নিচতলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ঐ ইউনিটের জরুরি বিভাগের পাশের রুমে এ ঘটনা ঘটে। এ সময় ঐ ইউনিটে চিকিত্সক, নার্স, কর্মচারী ও রোগীসহ তাদের স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় তারা ছোটাছুটি শুরু করেন। বিষয়টি নিশ্চিত করেন কুমেক হাসপাতাল ও কুমিল্লা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। কুমিল্লা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. সামছুল আলম সাংবাদিকদের জানান, ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালের করোনা ইউনিটের নিচতলায় অক্সিজেন ফিলিং করার কক্ষে বিকট শব্দে একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়।
