মোরেলগঞ্জের ফুলহাতা লঞ্চঘাট ডুবে গেছে জনদুর্ভোগ চরমে

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ২২:০৯

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ ফুলহাতা লঞ্চঘাটের পন্টুনটি ডুবে গেছে। ভোগান্তি বেড়েছে নদীপথের প্রতিদিনের শত শত লঞ্চ যাত্রীর। দুই দিন অতিবাহিত হলেও এটি উদ্ধারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

উপজেলার পানগুছি নদীর তীরবর্তী ছয়টি লঞ্চঘাটের মধ্যে ঐতিহ্যবাহী ফুলহাতা বাজারসংলগ্ন লঞ্চঘাটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ঘাট দিয়ে প্রতিদিন শত শত লোক যাতায়াত করে। জেলা সদরসহ মোরেলগঞ্জ সদর, জিউধরা, বহরবুনিয়াসহ বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের লোকজন নদীপথে যাতায়াতের জন্য এ ঘাটটি ব্যবহার করে। তাছাড়া বিভিন্ন এলাকা থেকে যাত্রীবাহী ট্রলার, নৌকার যাত্রীরা এ লঞ্চঘাট দিয়ে উঠানামা করে।

মোরেলগঞ্জ সদর থেকে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন ইউনিয়ন বহরবুনিয়া ইউনিয়ন। বিশেষ করে বৃষ্টির সময়ে নদীপথে লঞ্চ, ট্রলারযোগে এলাকার জনসাধারণ ও শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়। লঞ্চঘাটের পন্টুনটি ডুবে যাওয়ায় এসব যাত্রীর দুর্ভোগ বেড়েছে।

বহরবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান টি এম রিপন জানান, সম্ভবত পন্টুনের তলা ছিদ্র হয়ে দু’দিন আগে পন্টুনটি ডুবে গেছে। ঘাটটি দ্রুত পুনঃস্থাপনের দাবি জানান তিনি।