মাদক মামলায় নাসির-অমির বিরুদ্ধে চার্জশিট

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ২২:১০

বিমানবন্দর থানার মাদক মামলায় আলোচিত ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৭ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করা হয়। চার্জশিটে মামলা থেকে তিন নারীকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। গতকাল শনিবার আদালত সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, করোনা পরিস্থিতির কারণে আদালতে স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় চার্জশিটের কোনো কার্যক্রম গ্রহণ হয়নি। এ মামলায় অমি ছাড়া বাকি চার আসামি জামিনে আছেন। গত ৩০ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত ব্যবসায়ী নাসিরসহ চার আসামির জামিন মঞ্জুর করেন। গত ১৪ জুন দিবাগত রাত ১২টার দিকে ডিবির গুলশান জোনাল টিম এসআই মানিক কুমার সিকদার বাদী হয়ে রাজধানীর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচ আসামির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। তার আগে সাভারের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে মারধর ও নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা পরীমনির দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে উত্তরায় তুহিন সিদ্দিকী অমির বাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ তিন নারীকে গ্রেফতার করে ডিবি। অভিযানে অমির বাসায় তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবা, বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়।

গত ১৩ জুন রাতে ফেসবুক পোস্টে পরীমণি অভিযোগ করেন, ৯ জুন উত্তরার বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালান ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার সহযোগীরা। এ ঘটনায় তিনি সাভার থানায় ছয় জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। তবে এই মামলার অগ্রগতি সম্পর্কে কিছু জানা যায়নি।