চুরির দায়ে শিশুকে মারধর করে চুল কেটে দেওয়ার অভিযোগ

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ২২:১০

বরিশালের আগৈলঝাড়ার একটি মোবাইল ফোন চুরির অভিযোগে এক শিশুকে প্রকাশ্যে মারধর করে তার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অমানবিক এই ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে উপজেলার গৈলা বাজারে। সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হলে উপজেলার সর্বত্র তোলপাড় শুরু হয়।  সরেজমিনে বিভিন্ন লোকজন, নির্যাতিত শিশু ও তার মায়ের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের দরিদ্র ভ্যানচালক লাল মিয়া সরদারের শিশু পুত্র সজীব (১১)। গৈলা বাজারের অলি টেলিকম থেকে একটি মোবাইল ফোন চুরির ঘটনায় স্থানীয় তাওহীদ খানের নেতৃত্বে এনামুলসহ ৪/৫জন মিলে তাকে বাজারে প্রকাশ্যে মারধর করে কাঁচি দিয়ে চুল কেটে দেয়।

শিশুর মা সানু বেগম বলেন, আমার ছেলে যদি চুরি করে থাকে তাহলে তারা আমার কাছে বিচার দিলে আমি আমার ছেলের বিচার করতাম। অলি টেলিকমের মালিক অলি বেপারী বলেন, দোকানের সিসি টিভি দেখে বাড়িতে গিয়ে সজীবকে জিজ্ঞেস করলে সে ফোন চুরির কথা স্বীকার করে। এক পর্যায়ে চুরি যাওয়া ফোনটি সজীব ফেরত দেয়। পরে শুনেছি বাজারে বসে তার চুল কেটে দিয়েছে উত্সাহী লোকজন। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, বিস্তারিত শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।