রাহুল গান্ধীর অ্যাকাউন্ট খুলে দিয়েছে টুইটার

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ২৩:৫৩

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অ্যাকাউন্ট খুলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। একই সঙ্গে কংগ্রেস পার্টি ও বেশ কিছু নেতার টুইটার অ্যাকাউন্টও সচল করেছে। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, এক সপ্তাহ আগে দিল্লিতে নয় বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠার পরে সেই শিশুর পরিবারের ছবি প্রকাশ করেছিলেন রাহুল। সেই কারণে তার অ্যাকাউন্ট ব্লক করে দেয় টুইটার।

গতকাল শনিবার কংগ্রেসের সামাজিক মাধ্যমের দায়িত্বে থাকা রোহন গুপ্ত টুইট করে বলেন, কংগ্রেসের সবার অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে। কেন অ্যাকাউন্টগুলো ব্লক করা হয়েছিল তার কোনো কারণ দেখানো হয়নি। কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে, ‘সত্যের জয় হলো।’

প্রসঙ্গত, অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার পরে শুক্রবার রাহুল টুইটার কর্তৃপক্ষের সমালোচনা করেন। তিনি টুইটারের বিরুদ্ধে ‘ভারতের রাজনীতিতে হস্তক্ষেপ করা’ ও ‘গণতান্ত্রিক কাঠামোয় আক্রমণের’ অভিযোগ করেন।