আফগানিস্তানের কাবুলসহ অন্যান্য শহরে কর্মরত বাংলাদেশি কর্মীদের ফিরিয়ে আনতে শুরু করেছে বেসরকারি সংস্থা ব্র্যাক। আফগানিস্তানে তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নিল ব্র্যাক। গত ১৯ বছর ধরে সংস্থাটি আফগানিস্তানে কার্যক্রম পরিচালনা করে আসছে। মূলত শিক্ষা, স্বাস্থ্য, করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত সহায়তা, মানবিক সহায়তা ও খাদ্য নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে সেখানে কাজ করে সংস্থাটি।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্র্যাক ইন্টারন্যাশনাল জানিয়েছে, আফগানিস্তানে সংস্থাটির ৩ হাজার কর্মীর মধ্যে ১৪ জন বিদেশি নাগরিক রয়েছে। এর মধ্যে ১২ জন বাংলাদেশি। ব্র্যাক সেখানে অবস্থানরত সব বিদেশি কর্মীকেই শুক্রবার থেকে ফিরিয়ে আনতে শুরু করেছে। বেশ কয়েক জন ইতিমধ্যেই রওনা দিয়েছে। আর যারা আফগানিস্তানের বাইরে ছুটি কাটাচ্ছিলেন, তাদের আপাতত কর্মস্থলে ফিরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে ব্র্যাকের পক্ষ থেকে জানানো হচ্ছে, আফগানিস্তানে তাদের কার্যক্রম চলবে। সেখানকার স্থানীয় কর্মীরাই চলমান প্রকল্পগুলো অব্যাহত রাখবেন।
