তৃতীয় ফ্রন্ট নয়, কংগ্রেসকে নিয়েই বিজেপিবিরোধী জোট চায় তৃণমূল

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ২৩:৫৪

আগামী লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিকে হারাতে তৃতীয় ফ্রন্ট নয়, বরং কংগ্রেসকে সঙ্গে নিয়েই জোট করতে চায় পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। গতকাল শনিবার প্রকাশিত দলীয় মুখপত্রের সম্পাদকীয় কলামে এমনটাই জানিয়েছে তৃণমূল। এতে লেখা হয়েছে, কখনো কংগ্রেসকে বাদ দিয়ে জোটের কথা বলছে না তৃণমূল। কোনো তৃতীয় ফ্রন্ট বিকল্প নয়। এবার বিরোধীদের লক্ষ্য হওয়া উচিত সরাসরি বিকল্প জোট। তবে কংগ্রেস যে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে রুখতে ব্যর্থ হয়েছে তাও উঠে এসেছে সম্পাদকীয় কলমে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, তৃণমূলকে জোট শরিক হিসেবে পেতে গেলে ‘যোগ্য সম্মান’ দিতে হবে বলেও স্পষ্ট উল্লেখ করা হয়েছে কলামে। লেখা হয়েছে, আমরা দেশের স্বার্থে বিজেপির বাইরে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ দলগুলোর ঐক্যের পক্ষে। আমরা ঐক্য চাই বলেই নেত্রী মমতা ব্যানার্জি দিল্লিতে সোনিয়া গান্ধীর বাড়ি গিয়ে বৈঠক করেছিলেন। রাহুল গান্ধীও ছিলেন সেখানে। সংসদের ভেতরে-বাইরে আমাদের বিজেপিবিরোধী ভূমিকা প্রতিষ্ঠিত। কিন্তু আমরা চাই একটা নির্দিষ্ট নীতি বা পদ্ধতিতে ঐক্য হোক। সম্প্র্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বিজেপিবিরোধী জোট গড়তে কংগ্রেস নেতা-নেত্রীর সঙ্গে সাক্ষাত্ করেছিলেন, সে কথাও উঠে এসেছে দলীয় মুখপত্রে।