অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার স্থাপিত হচ্ছে

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ২৩:৫৮

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে স্থাপন করা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্নার। শিগিগরই এই কর্নার স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলায় বিশাল ডকুমেন্ট রয়েছে। সার্বিক বিষয়ে পর্যালোচনা করে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হলো—অ্যাটর্নি জেনারেল অফিসে আমরা একটা বঙ্গবন্ধু কর্নার স্থাপন করতে চাই। যেখানে বঙ্গবন্ধু হত্যা মামলাসহ বঙ্গবন্ধুকে নিয়ে লেখা যাবতীয় বই সংরক্ষণ করা হবে। এ মাসের মধ্যেই বঙ্গবন্ধু কর্নারটি স্থাপন করা হবে।

তিনি বলেন, আমরা অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক খুনিদের ফিরিয়ে এনে সাজা কার্যকরে সর্বাত্মক প্রচেষ্টা রাখব। এ ক্ষেত্রে আমাদের যতটুকু ভূমিকা রাখা যায় তার সর্বোচ্চ চেষ্টা করব।

গতকাল শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষ্যে অ্যাটর্নি জেনারেল অফিস আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ভার্চুয়ালি এই আলোচনায় সভায় যুক্ত হয়ে আরো বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও মেহেদী হাসান চৌধুরী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ দেবনাথ, ড. মো. বশির উল্লাহ, এ কে এম আমিন উদ্দিন মানিক প্রমুখ।