আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্টের হত্যাকাণ্ডে নেপথ্যে থেকে যারা কলকাঠি নেড়েছে তাদের আজ পর্যন্ত মুখোশ উন্মোচন করা হয়নি বলেই ওয়ান-ইলেভেনে অঘটনের সময়ও শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের এক শ্রেণির নেতা বিশ্বাসঘাতকতা করেছেন। তাদেরও আমরা চিহ্নিত করতে পারিনি।’ গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মহিলা শ্রমিক লীগের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘১৫ আগস্টে দৃশ্যমান খুনিদের আমরা চিনেছি মাত্র। কিন্তু অদৃশ্যমান যারা পেছন থেকে কলকাঠি নেড়েছে তাদের আজও বের করা হয়নি। তাদের মুখোশ উন্মোচন করতে হবে। একাত্তরে স্বাধীনতা মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল? কারা আওয়ামী লীগের বিরোধিতা করেছে? জিয়াউর রহমানের মতো লোকেরা যারা আইএসআইয়ের অনুচর হিসেবে গোয়েন্দা হিসেবে দায়িত্ব পালন করেছে। তাদেরও আমরা চিহ্নিত করতে পারিনি।’ তিনি বলেন, চিহ্নিত করতে পারিনি বলেই সব সময় একটি অজগর সাপ, একটি জাতিসাপকে নিয়ে পথ চলেছি। আর সেই জাতিসাপ-অজগর সাপ সময়ের অপেক্ষায় ছিল বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। মহিলা শ্রমিক লীগের সভাপতি সুরাইয়া আক্তারের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংগঠনের কার্যকরী সভাপতি শামসুন নাহার এমপি প্রমুখ বক্তব্য রাখেন। সংগঠনের সাধারণ সম্পাদক কাজী রহিমা আক্তার সাথী সভা পরিচালনা করেন।
