উপজেলার ধল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম ভূঁইয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ‘তিন প্রকল্পের কাজ না করেই টাকা আত্মসাত্, সিংগাইরে ইউপি চেয়ারম্যানের জালিয়াতি দরিদ্রদের জন্য বরদ্দকৃত গভীর নলকূপ তার এবং স্বজনদের বড়িতে ’ শিরোনামে গত ৩১ জানুয়ারি এবং ‘প্রধানমন্ত্রীর উপহার ঘর বরাদ্দে অনিয়ম’ শিরোনামে ৪ ফেব্রুয়ারি ইত্তেফাকে সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। তদন্তে উল্লেখ করা হয়, পূর্ব আঠালিয়া মাস্তানের মসজিদ থেকে বাচ্চু খানের জমি পর্যন্ত রাস্তার কাজে অনিয়ম, ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পের আওতায় স্বামী-স্ত্রীর নামে একই পরিবারে দুটি ঘর বরাদ্দ এবং সরকারিভাবে বরাদ্দকৃত গভীর নলকূপ তার দুই চাচার বাড়িতে স্থাপন করার অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় ধল্লা ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। গতকাল সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপনটি ধল্লা ইউনিয়ন পরিষদের মেইলে প্রেরণ করা হয়েছে। এদিকে সচেতন মহলের দাবি, অনিয়মের কারণে চেয়ারম্যানকে বরখাস্ত করা হলেও প্রকল্পের কাজ না করে বিল উত্তোলনের সঙ্গে জড়িত অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক ।
