জিয়া জাতির পিতা হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ০০:০০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সপরিবারের খুনের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। শনিবার বিকালে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালীন ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক প্রণোদনার চেক প্রদানকালে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার  প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি এসব কথা বলেন।

তিনি তার বক্তৃৃতায় আরো উল্লেখ করেন, বেগম জিয়া কেন তার স্বামী মেজর জিয়ার হত্যাকারীদের বিচার চান না, কেন? তিনি জানেন, তার স্বামী জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সপরিবারের হত্যার একজন মাস্টারমাইন্ড। তাই তিনি স্বামীর খুনের বিচার চান না।

জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি আলহাজ ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ বাকিবিল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আলহাজ ছানোয়ার হোসেন ছানু, অতিরিক্ত জেলা প্রশাসক মুখলেছুর রহমান, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী প্রমুখ।

পরে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালীন ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার ৫৪টি চেক সাংবাদিকদের মধ্যে  বিতরণ করা হয়।