করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনার তিন হাসপাতালে ৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে রবিবার (১৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে পাঁচজন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দুজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের একজন মারা গেছে। তবে, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ও বেসকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, খুলনার দিঘলিয়ার আলী রেজা (৬৫), তেরখাদার আবু তাহের (৯৫), নড়াইলের লোহাগড়ার এনায়েত হোসেন (৪৬), কালিয়ার শ্রীবাস (৬০) ও যশোরের কেশবপুরের রাশিদা বেগম (৩২)। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৯ জন। এরমধ্যে রেড জোনে ৪০ জন, ইয়ালো জোনে ২৮ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিইউতে ১১ জন ভর্তি রয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৯ ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে দুজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন-খুলনা মহানগরীর খালিশপুরের হাজী আবেদ আলী (৭২) ও বাগেরহাটের গোটাপাড়া এলাকার সুফিয়া বেগম (৬৯)। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩১ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন দুজন।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তি হলেন, নগরীর মির্জাপুর রোডের মোস্তফা ইউনূস (৮৭)। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৩ জন। এরমধ্যে আইসিইউতে চারজন ও এইচডিইউতে দুজন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন দু’জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দু’জন।
ইত্তেফাক/এএএম
