বাংলাদেশের ছেলে শেহ্ওয়ার হোসাইন ও রোমানিয়ার মেয়ে মারিয়া। ইন্টারনেট দুনিয়ায় তরুণ এই ইউটিবার দম্পতির পরিচয় শেহ্ওয়ার অ্যান্ড মারিয়া হিসেবে। লাইফস্টাইল ও বিনোদনমূলক নানান ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে কম সময়ের মধ্যেই লুফে নিয়েছেন দর্শকদের ভালোবাসা। এক মিউচুয়াল বন্ধুর মাধ্যমে ফেসবুকে আলাপন শুরু হয়েছিলো শেহ্ওয়ার ও মারিয়ার। সে পরিচয় থেকেই বন্ধুত্ব এবং শেষে পরিণয়। সম্প্রতি আওয়ার ক্যানভাসের ফেসবুক টক-শো'তে জনপ্রিয় এই ভিনদেশি জুটি আড্ডায় মেতেছিলেন। বলেছেন অজানা গল্পও।
শেহ্ওয়ার হোসাইনের শৈশব ও কিশোরকাল কেটেছে বাংলাদেশে। বাবার চাকরির সুবাদের দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে ঘুরে বড় হয়েছেন তিনি। ২০০৫ সালে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছিলেন সুদূর লন্ডনে। অন্যদিকে মারিয়ার জন্ম ও বেড়ে উঠা বাংলাদেশ থেকে ৬ কিলোমিটার দূরের দেশ রোমানিয়ায়। তিনি লন্ডনে এসেছিলেন ২০১৫ সালে। ২০২০ সালে ঢাকায় দুই পরিবারের উপস্থিতিতে গাট ছড়া বেঁধেছেন শেহ্ওয়ার-মারিয়া। বর্তমানে যুক্তরাজ্যের লন্ডন শহরে ঘর বেঁধেছেন তারা।
ভিন দেশের ভিন্ন দুটি মানুষ। তবে জুটি বাঁধলেন কি করে এ প্রশ্নের উত্তরে শেহ্ওয়ার বলেন, "আমাদের পরিচয়ের শুরুটা ফেসবুকে। ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব গাঢ় হতে লাগলো। আমরা প্রায় সময় একসঙ্গে ঘুরতে যেতাম ও সময় কাটাতাম। এরপর থেকেই দু'জনের প্রতি দু'জনার ভালোলাগা তৈরি হয়েছিলো এবং সেটি পরিণয়ে গড়ায়।"
শেহ্ওয়ার ও মারিয়া দম্পতির ভিডিওগুলোর চমকপ্রদ একটি দিক হলো মারিয়া হোসাইনের বাংলা ভাষায় কথা বলে ভিডিও ধারণ করা, যা মুগ্ধ করেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্তদের। বাংলা ভাষা ও বাঙ্গালি সংস্কৃতির প্রতি প্রবল আগ্রহ রয়েছে মারিয়ার। বাংলা ভাষা এত দারুণভাবে রপ্ত করলেন কিভাবে এর উত্তরে মারিয়া বলেন, "নতুন নতুন ভাষা শেখার প্রতি আমার প্রচণ্ড ঝোঁক আছে। আমার মনে হয়েছিলো আমি যদি বাংলা কথা বলি তাহলে শেহ্ওয়ার ও তার পরিবারের আরো কাছের হতে পারবো। নিজে নিজেই বাংলা শিখেছি। শেহ্ওয়ার আমাকে বাংলা শিখতে সাহায্য করছে ও উৎসাহও দিচ্ছে। তাই আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি।"
শেহ্ওয়ার আর মারিয়া দু'জনেই ভ্রমণপোকা। এখন পর্যন্ত প্রায় ৫০টি দেশে ভ্রমণ করেছেন শেহ্ওয়ার। একসাথে প্রায় ১১টি দেশে ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে এই জুটির। শেহ্ওয়ার আরো যুক্ত করে বলেন, "বাবার চাকরির সুবাদে যেহেতু দেশের নানা প্রান্তে যাওয়া হতো, সেখান থেকেই ভ্রমণের ইচ্ছা তৈরি হয়েছে। আমরা দুজনেই ট্র্যাভেল করতে অনেক পছন্দ করি। ভবিষ্যতে আরো অনেক দেশে ভ্রমণের পরিকল্পনা করেছি।"
লন্ডন ব্রিজে ঘুরতে যাওয়ার একটি ভিডিও দিয়ে যাত্রা শুরু করেছিলেন শেহ্ওয়ার মারিয়া জুটি। এখন নিয়মিত লাইফস্টাইল, ট্র্যাভেল, খাবারসহ স্বামী-স্ত্রীর মধ্যকার বিভিন্ন খুনসুটির ভিডিও তৈরি করে আপলোড দিচ্ছেন তারা। এক্ষেত্রে শেহ্ওয়ারই বেশি আগ্রহী। ভিডিও তৈরি ও এডিটিং এর প্রতিও শখ আছে শেহ্ওয়ারের।
গতবছরের লকডাউনে ঘরবন্দি জীবনের একঘেয়েমি দূর করতে শুরু করেছিলেন ব্লগিং। ভৌগলিক দূরত্ব কিংবা সংস্কৃতির ভিন্নতা। সব কিছুকে ছাপিয়ে মাত্র ১ বছরের মধ্যেই জয় করে নিয়েছেন দশর্কদের অফুরন্ত ভালোবাসা। বর্তমানে শেহ্ওয়ার অ্যান্ড মারিয়া ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৫ লাখ ছুঁইছুঁই। তাই তো ভিন্ন দেশের ভিন্ন দুটি মানুষের অকৃত্রিম এই ভালোবাসার বন্ধন সকলের মাঝে স্থাপন করেছে অনবদ্য দৃষ্টান্ত।
ইত্তেফাক/এসটিএম
