ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকীতে ফরিদপুর-৪ আসনের এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ১৫ই আগস্ট বাঙালি জাতির শোকের দিন। এই দিনে বিপথগামীরা বাংলাদেশ গড়ার কারিগর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বিশ্ব দরবারে বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করা। খুনিদের কারণে তার স্বপ্ন বাস্তবায়ন হয়নি। আজ এই দিনে শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজ তারই সুযোগ্য কন্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ হয়ে করে যাচ্ছি। অচিরেই বিশ্ব দরবারে বাংলাদেশ সোনার বাংলা হিসেবে পরিচিতি পাবে। রবিবার সকালে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষ্যে ভাঙ্গায় নানা কর্মসূচিতে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি নিক্সন চৌধুরী। তিনি সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মুক্তিযোদ্ধা ভবনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপজেলা আওয়ামী লীগের কর্যালয়ে সহস্রাধিক লোকের মধ্যে খাবার বিতরণ ও দোয়া মাহফিলে যোগ দেন। এছাড়াও ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে করোনায় ক্ষতিগ্রস্তদের বিআরডিবি কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা ৫২ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের পক্ষ হতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০ জনের প্রত্যেককে দুই বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার করে টাকা প্রদান করা হয়।
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা জানান, যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দুপুরে ফরিদপুরের সদরপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন দোয়া মাহফিলে যোগ দেন ।
