মিরসরাইয়ে স্টেশন সড়কে ঝুঁকিপূর্ণ ব্রিজ

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২০:৫৫

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

মিরসরাই উপজেলার স্টেশন সড়কে (খাদ্যগুদাম সড়ক) অবস্থিত একমাত্র ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্রিজের ওপরের পাটাতনে ভাঙন ধরেছে। এছাড়া ব্রিজের গার্ডারের পলেস্তারা খসে পড়ে রড বেরিয়ে গেছে। ভেঙে গেছে এর রেলিংও। ঝুঁকিপূর্ণ ব্রিজটি দিয়ে প্রতিদিন উপজেলা খাদ্যগুদামের গাড়িসহ বিভিন্ন যানবাহন যাতায়াত করছে।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সংযুক্ত মিরসরাই সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর তালবাড়ীয়া গ্রামে অবস্থিত মিরসরাই স্টেশন সড়ক। এই সড়ক দিয়ে মিরসরাই রেলওয়ে স্টেশন, উপজেলা খাদ্যগুদাম, মিরসরাই বিসিক শিল্পনগরীতে যাতায়াত করা হয়। এছাড়া উত্তর তালবাড়ীয়া গ্রামের প্রায় ৬ হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এটি। ১৯৭১ সালের আগে এই ব্রিজ নির্মাণ করা হয়। এর দৈর্ঘ্য ৫০ ফুট ও প্রস্থ ১৮ ফুট। মিরসরাই স্টেশন সড়ক কিছুদিন আগে সংস্কার করা হয়েছে। কিন্তু ঝুঁকিপূর্ণ এই ব্রিজ পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজহারুল হক চৌধুরী নওশা মিয়া বলেন, মিরসরাই স্টেশন সড়কের ব্রিজটি পাকিস্তান আমলে নির্মাণ করা হয়। স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময়ে ব্রিজের ওপরের অংশ ভেঙে পুনরায় পাটাতন দেওয়া হয়। এরপর ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে গেলেও আর নির্মাণ করা হয়নি। মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. এমরান উদ্দিন বলেন, মিরসরাই স্টেশন সড়কের ঝুঁকিপূর্ণ ব্রিজটি পুনর্নির্মাণের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে নাম দেওয়া হয়েছে। শিগিগর ব্রিজের টেন্ডার দেওয়া হবে বলে জানান তিনি।

উপজেলা খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সামছুন্নাহার স্বর্ণা বলেন, মিরসরাই স্টেশন সড়কে এই ব্রিজ দিয়ে উপজেলা খাদ্যগুদামের গাড়ি ঝুঁকি নিয়ে নিয়মিত যাতায়াত করছে। ব্রিজটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এতে খাদ্যগুদামের গাড়ি যাতায়াতে প্রতিবন্ধকতার পাশাপাশি খাদ্য সরবরাহেও বিঘ্ন ঘটবে। ঝুঁকিপূর্ণ ব্রিজটির বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেছি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইফুল্লাহ মজুমদার বলেন, মিরসরাই স্টেশন সড়কের ঝুঁকিপূর্ণ ব্রিজটি পুনর্নির্মাণের জন্য টেন্ডার তালিকায় নাম রাখা হয়েছে। গত ২৪ মার্চ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় করোনা ভাইরাসের সংক্রমণের কারণে নতুন করে টেন্ডার দেওয়ার প্রক্রিয়া বন্ধ রেখেছে। টেন্ডার প্রক্রিয়া শুরু হলে এই ব্রিজের নাম দেওয়া হবে। এছাড়া সড়কটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ তাই ব্রিজের কাজ করার আগে যানবাহন চলাচলের জন্য বিকল্প সড়ক নির্মাণ করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তিনি অনুরোধ করেন।