তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
তাড়াশে ভদ্রাবতী নদীতে বাঁশের বেড়া দিয়ে সোতিজাল বসিয়েছেন প্রভাবশালীরা। ফলে পানিপ্রবাহ বন্ধ হয়ে সৃষ্ট জলাবদ্ধতায় ডুবে যাচ্ছে বিস্তীর্ণ এলাকার আমনের খেত। মঙ্গলবার বিকালে সরজমিনে উপজেলার তালম ইউনিয়নের তালম গ্রাম ও উপরসিলোট গ্রামে এমন চিত্র দেখা গেছে। আব্দুস সবুর, আলমগীর, বারিকসহ একাধিক কৃষক জানান, নদীর বেশ কয়েকটি স্থানে সোতিজাল পেতেছেন প্রভাশালীরা। ফলে উজানের বৃষ্টির পানি নামতে না পারায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা লুত্ফুন নাহার লুনা বলেন, এক থেকে দুদিনের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে কৃষকের ফসল রক্ষার সর্বাত্মক চেষ্টা করা হবে।
