বাঘায় অস্ত্রসহ গ্রেফতার ৩

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২০:৫৬

বাঘা (রাজশাহী) সংবাদদাতা

বাঘা সীমান্ত এলাকার পদ্মার চরাঞ্চল থেকে একটি দেশীয় পিস্তল, একটি পাইপগান, দুনল বিশিষ্ট একটি বন্দুক, তিন রাউন্ড গুলি এবং একটি নৌকাসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টায় চরাঞ্চলের লক্ষ্মীনগর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মোমিন মণ্ডল,  মিঠন ও তুহিন সর্দার। তারা লক্ষ্মীনগর মোল্লাপাড়া গ্রামের বারেক মোল্লার বসতবাড়ির বাইরে একটি কাঁঠাল গাছের নিচে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান নেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অস্ত্রসহ তাদের গ্রেফতার করে। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন (সাজু) জানান, পদ্মার চরাঞ্চল গ্রামগুলো ফাঁকা। এখানে বিগত সময়ে দিনে-দুপুরে ডাকাতি হওয়ার নজির রয়েছে। আমরা যে তিন জনকে গ্রেফতার করেছি তাদের নামে বিভিন্ন থানায় মাদক, চোরাচালান, ছিনতাই ও ডাকাতি মামলা রয়েছে।