মহাদেবপুরে ধানের দাম কমলেও বাড়ছে চালের দাম

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২০:৫৭

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা

দেশের অন্যতম বৃহত্ মোকাম নওগাঁর মহাদেবপুরে ধানের দাম কমলেও কমছে না চালের দাম। বরং উলটো চালের দাম আরো বাড়ছে। গত ১৫ দিনের ব্যবধানে চালের দাম কেজিপ্রতি ১০-১২ টাকা বেড়েছে। অন্যদিকে গত এক সপ্তাহে ধানের দাম মণপ্রতি ৮০-১০০ টাকা কমেছে। শনিবার উপজেলা সদরের ধানের হাটে খোঁজ নিয়ে জানা যায়, প্রতি মণ ধানের দাম ৮০-১০০ টাকা কমে বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২২০ টাকায়। এক সপ্তাহ আগে এ ধানের দাম ছিল ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৩২০ টাকা। উপজেলার বৃহত্ ধানের হাট গাহলী বাজারে খোঁজ নিয়ে জানা যায়, এক সপ্তাহ আগে যে কাটারি ধান ১ হাজার ৩৫০ থেকে ১ হাজার ৩৬০ টাকা দরে বিক্রি হচ্ছিল রবিবার তা নেমে এসেছে ১ হাজার ২৪০ থেকে ১ হাজার ২৫০ টাকায়। উপজেলার সরস্বতীপুরসহ অন্যান্য হাটে ধানের দাম কমলেও এর প্রভাব পড়েনি চালের বাজারে। চাতাল ব্যবসায়ীরা ধানের দাম বৃদ্ধির অজুহাতে চালের দাম বৃদ্ধি করলেও ধানের দাম কমার পর চালের দাম কমায়নি। অধিক মুনাফার লোভে চাতাল ব্যবসায়ীরা কারসাজি করে চালের দাম বৃদ্ধি করছে বলে অভিযোগ রয়েছে। চালের পাইকারি মোকামে খোঁজ নিয়ে জানা যায়, গত এক সপ্তাহের ব্যবধানে পাইকারি মোকামে বস্তা (৫০ কেজি) প্রতি ২০০ থেকে ২৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। পাইকারি মোকামে দাম বৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা বাজারে। খুচরা বাজারে এ বৃদ্ধির হার আরো বেশি। আগে যে মোটা চাল প্রতি কেজি ৩৮ থেকে ৪০ টাকায় বিক্রি হতো সে মোটা চাল এখন ৫০ থেকে ৫২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শওকত জামিল প্রধান বলেন, এ সময় চালের দাম এত বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই। এক শ্রেণির অতি মুনাফালোভী ব্যবসায়ীর কারণে চালের দাম বাড়ছে। বাজার নিয়ন্ত্রণের জন্য দ্রুত চাল আমদানি করতে হবে।