হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
হোমনায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অপরাধে আলমগীর হোসেন নামের এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে শনিবার বিকালে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন। আলমগীর হোসেন মুরাদনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত জায়েদ হোসেনের ছেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে বলেন, মুরাদনগর থেকে রঘুনাথপুর এলাকায় এসে মাদক বিক্রি ও সেবন করছে এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এ সময় আলমগীর হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উপরোক্ত সাজা দেওয়া হয়।
