যশোর জেলার মনিরামপুর ও ঝিকরগাছা উপজেলার মধ্যে যাতায়াতের প্রধান সড়কটি (রাজাগঞ্জ থেকে ঝিকরগাছা) কিছুদিন আগে মেরামত করা হলেও অতিরিক্ত বোঝা বহনকারী যানবাহন চলাচলের ফলে বর্তমানে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। শুধু ইট দ্বারা এসব গর্ত ভরাট করার ব্যবস্থা করা হচ্ছে, যা গোদের ওপর বিষফোড়ার মতো। কারণ বৃষ্টি হলে ইট দ্বারা ভরাট করা অংশ স্যাঁতসেঁতে হয়ে যাচ্ছে, আবার অনেক সময় এসব গর্তে বৃষ্টির পানি জমে যাতায়াতের অনুপযোগী হচ্ছে। ফলে যে কোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘবে যশোর জেলা প্রশাসনকে অতিসত্বর ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সড়কটি যথাযথভাবে মেরামত এবং সড়কের পাশের ঝুঁকিপূর্ণ গাছগুলো চিহ্নিত করে সরকারি বিধিমালার আলোকে ব্যবস্থা গ্রহণ করা দরকার।
মুতাসিম বিল্লাহ মাসুম
মনিরামপুর, যশোর
