বর্তমানে নিত্যপ্রয়োজনীয় ওষুধের শীর্ষে রয়েছে নাপা, প্যারাসিটামল জাতীয় ওষুধ। এছাড়া হাঁপানি, সাইনোসাইটিস ও অ্যালার্জির ওষুধেরও ব্যাপক চাহিদা। কিন্তু দুঃখজনক বিষয় হলো, অনেক জায়গায় এসব ওষুধ পাওয়া যাচ্ছে না। আবার যেসব জায়গায় পাওয়া যাচ্ছে সেখানে স্বাভাবিক দামের থেকে বাড়িয়ে নিচ্ছেন বিক্রেতারা। দাম বাড়ার কারণ জিজ্ঞেস করলে বলা হয়, এসব ওষুধের দাম বেড়ে গেছে কিংবা পাওয়া যাচ্ছে না। অথচ আমাদের দেশের ওষুধ প্রশাসন অধিদপ্তরের বক্তব্য—বিগত দেড় বছরে কোনো ওষুধের দাম বাড়ানো হয়নি। আবার যারা করোনা কিংবা ডেঙ্গুতে আক্রান্ত, তাদের অবস্থা বর্ণনাতীত। ওষুধের ওপর মানুষের জীবন-মরণ নির্ভর করে। তাই ওষুধ নিয়ে অসাধু ব্যবসা করা অনৈতিক ও অমানবিক। চিকিত্সা মানুষের মৌলিক অধিকার। মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব প্রশাসনের। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সাধারণ মানুষের কথা চিন্তা করে নিত্যপ্রয়োজনীয় ওষুধের সরবরাহ বাড়ান এবং দাম নিয়ন্ত্রণে রাখুন।
মো. সাইফুল মিয়া
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
