নতুন কোচ মোশারফ বাদল

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২১:২৪

আজ শেখ জামালের ম্যাচ

  স্পোর্টস রিপোর্টার

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ শফিকুল ইসলাম মানিককে সরিয়ে দেওয়ার পর শেখ জামাল আজ প্রথম খেলায় মাঠে নামবে। নতুন কোচের নাম মোশারফ বাদল। জাতীয় দলের সাবেক গোলকিপার। খেলেছেন মোহামেডানে। আর শেখ জামালের সহকারী হিসেবে কাজ করে আসছেন সেই এগারো বছর আগে থেকে। প্রিমিয়ার লিগে জামালের খেলা বাকি রয়েছে আজকের খেলাসহ আরো তিন ম্যাচ। পুলিশ, ব্রাদার্স ইউনিয়ন, রহমতগঞ্জ এবং মোহামেডানের বিপক্ষে শেষ খেলা। লিগের এই ম্যাচগুলোয় দায়িত্ব পালন করবেন মোশারফ বাদল।

বাদল জানালেন, এর আগেও তিনি এককভাবে শেখ জামালের ফুটবল দলের প্রশিক্ষণের দায়িত্ব পালন করেছিলেন। যখনই বিদেশি কোচ ছিল না তখন বাদল কাজ চালিয়ে নিয়েছেন। মোহামেডানের সাদাকালো জার্সি গায়ে খেলেছেন ৮০, ৮১ সালে। ব্রাদার্সেও খেলেছেন তিনি। জাতীয় ফুটবল দলে খেলেছিলেন ৮২ সালে। বাদল বললেন, ‘আমার ফুটবল ক্যারিয়ার তখন উজ্জ্বল। আরো অনেক দিন খেলতে পারতাম। কিন্তু জন্ডিস রোগে আক্রান্ত হয়ে আমার জীবন বাঁচানোই কঠিন হয়ে যাচ্ছিল। বাঁচার কথা ছিল না।’ ফুটবল ছেড়ে দিয়ে কোচিং ক্যারিয়ারে পা রাখেন বাদল। জাতীয় ক্রীড়া পরিষদে কোচ হিসাবে চাকরি করেছেন। এর পর ক্লাব ফুটবলে পুরোপুরিভাবে ঢুকে পড়েন তিনি। শেখ জামালের সঙ্গে কাজের অভিজ্ঞতা অনেক দিনের। তাই তার ওপর আস্থা রেখেছে ক্লাব ম্যানেজম্যান্ট।

প্রিমিয়ার ফুটবল লিগের পয়েন্ট টেবিলে এখন দ্বিতীয় স্থানে রয়েছে। ২০ খেলায় ১২ জয়ে (ছয় ড্র, দুই হার) ৪২ পয়েন্ট। এএফসি কাপে লিগ রানার্সআপ হিসেবে খেলতে পারে। দায়িত্ব নিয়ে কোনো চাপ অনুভব করছেন কি না, জানতে চাইলে মোশরাফ বাদল বললেন, ‘খেলার মাঠে টেনশন থাকবে। কিন্তু দায়িত্ব নিয়ে কখনো চাপে নেই আমি। কারণ আগেও এই দায়িত্ব পালন করেছি।’