ফিরতে পারেন তামিমও

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২১:২৫

নিউজিল্যান্ড সিরিজ

  স্পোর্টস রিপোর্টার

তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাসকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা খেলেছিল বাংলাদেশ দল। সবকিছু ঠিক থাকলে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজে মুশফিক-লিটনের ফেরাটা নিশ্চিত। তবে ইনজুরিতে থাকা তামিমকে নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যদিও গতকাল বিসিবির পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন, কিউইদের বিপক্ষে ফেরার সম্ভাবনা রয়েছে তামিমের। সিরিজটা খেলার চেষ্টায় আছেন বাঁহাতি এ ওপেনার।

জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজের পর থেকেই রিহ্যাব চলছে তামিমের। হাঁটুর ব্যথা সামলে জিম্বাবুয়েতে খেলেছেন, তখনই চিকিত্সকরা তাকে অন্তত আট সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে তামিম ফিরতে পারেন, এমন সম্ভাবনার কথা জানিয়ে বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গতকাল বলেছেন, ‘এখানে মুশফিক, লিটন আসবে, শোনা যাচ্ছে হয়তো তামিম ইকবালও, ফিটনেসও থাকার ব্যাপার আছে। যদি ঠিক থাকে সেও যোগাযোগ করার চেষ্টা করছে যতটুকু আমি শুনেছি। আমি নিশ্চিত না। অবশ্যই খুবই আত্মবিশ্বাসী।’

তামিম অবশ্য অনেক দিন ধরেই টি-২০ খেলছেন না। নিউজিল্যান্ড সফরে এ ফরম্যাট থেকে ছুটি নিয়েছিলেন তিনি। জিম্বাবুয়ে সফর ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে পারেননি ইনজুরির কারণে।

হোম সিরিজের জন্য বাংলাদেশ দলের অনুশীলন শুরু হবে আগামী ২৭ আগস্ট। চূড়ান্ত দল ঘোষণা হতে পারে ২০ আগস্ট। অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও একটি দারুণ সিরিজের প্রত্যাশা করছে  বসিবি। গতকাল জালাল ইউনুস বলেছেন, ‘এতগুলো সিরিজে আমরা সফল হওয়ার পরে আমরা মনে করি যে নিউজিল্যান্ডও আমাদের আরেকটা সফল সিরিজ হবে। এই আত্মবিশ্বাস দিয়েই খেলোয়াড়েরা ভালো খেলবে।’

শীর্ষ ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে, আইপিএলে খেলার সুযোগ দিয়ে দ্বিতীয় সারির একটা দল বাংলাদেশে পাঠাচ্ছে নিউজিল্যান্ড। প্রতিপক্ষ দলে ক্রিকেটারদের নাম দেখে খেলবে না টাইগাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা এবং সিরিজ জেতাই হবে মাহমুদউল্লাহ-সাকিবদের মূল টার্গেট।

বিসিবির এ পরিচালক বলেছেন, ‘আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে খেলব। দিনশেষে তারা নিউজিল্যান্ড জাতীয় দলই। কারা আসছে এটা বিষয় নয়। আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে খেলব এবং মাইন্ডসেট ওরকমই থাকবে।’