স্বস্তিতে নেই পাকিস্তান

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২১:২৬

বাবর আজমের অপরাজিত ৫৪ রানের ইনিংসের সুবাদে জ্যামাইকা টেস্টে তৃতীয় দিন পর্যন্ত ১২৪ রানের লিড নিয়েছে পাকিস্তান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুব একটা স্বস্তিতে নেই তারা। কেননা ১৬০ রান করতে হয়েছে দলের পাঁচ ব্যাটসম্যানকে বিদায় জানিয়ে। তাই কেমার রোচ স্বপ্ন দেখছেন দুইশর ভেতরই তাদের অলআউট করার। এর আগে তৃতীয় দিনের শুরুটা ভালোই কাটিয়েছে পাকিস্তান। অবশিষ্ট দুই উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ২৫৩ রানেই গুটিয়ে দেয় সফরকারীরা। সর্বোচ্চ চারটি উইকেট নেন পেসার শাহীন শাহ আফ্রিদি। ৩৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে পাকিস্তান। ক্যারিবীয়দের হয়ে দুটি করে উইকেট নেন রোচ ও জেডন সিলস, একটি যায় জেসন হোল্ডারের ঝুলিতে।