লর্ডসেও সেঞ্চুরি হলো না বিরাট কোহলির। কঠিন সময়ে তার একটা দুর্দান্ত ইনিংসই আশা করেছিল দল; কিন্তু আরো একবার হতাশ করলেন তিনি। যার কারণে ভারতও চাপে আছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৮১ রান। ৫৪ রানের লিড নিয়ে ক্রিজে আছেন চেতেশ্বর পুজারা ও আজিঙ্কা রাহানে। চতুর্থ দিন সকাল বেলা খেলা শুরু হওয়ার সময় বৃষ্টি হচ্ছিল লর্ডসে। ইংলিশ বোলাররা হয়তো এমনটাই চাইছিলেন। টানা দুই ওভারে দুই ওপেনারকে ফিরিয়ে ইংল্যান্ডকে চালকের আসনে বসান মার্ক উড। এরপর থিতু হয়েও বেশিক্ষণ টিকতে পারেননি কোহলি (২০ রান)। উইকেটের পেছনে বাটলারের ক্যাচ বানিয়ে ইংল্যান্ডকে সবচেয়ে মূল্যবান উইকেটটি এনে দেন স্যাম কারান। এর আগে ভারতের চেয়ে ২৭ রান এগিয়ে থেকে প্রথম ইনিংসে ৩৯১ রানে অলআউট হয় ইংল্যান্ড। ১৮ চারে ১৮০ রানে অপরাজিত থাকেন জো রুট।
