শ্রদ্ধা ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২১:৪০

ইত্তেফাক ডেস্ক

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, মিলাদ, দোয়া, খাবার বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

চট্টগ্রাম :সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, বেসরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করা হয়। এছাড়া আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এসব কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনাসভা এবং দুস্থ ও অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ। নগরীর হালিশহরের বড়পোল এলাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শোক দিবসের দিনব্যাপী কর্মসূচির সূচনা করে মহানগর আওয়ামী লীগ।

খুলনা :খুলনা মহানগর জাতীয় পার্টি-জেপির উদ্যোগে বেলা ১১টায় নগরীর ইসলামপুর রোডের দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মহানগর জেপির সভাপতি কাজী মাসুদ আহম্মেদ।

রাজশাহী :রাজশাহী মহানগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার কর্মসূচিতে নেতৃত্ব দেন।

সিলেট :জাতীয় পার্টি জেপি সিলেট-এর উদ্যোগে শহরের হযরত শাহপরাণ (র.) মাজার মসজিদে জাতির জনকের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা সভাপতি মো. ইফতেখার আহমদ লিমন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল করিম আকবরি, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক প্রমুখ।

বরিশাল :নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। এরপর মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠন এবং মহানগর আওয়ামী লীগের ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের সময় বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। এদিকে সকালে সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুকের পক্ষে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

রংপুর :বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা প্রমুখ।

ময়মনসিংহ :সার্কিট হাউজ সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। পরে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু এবং বিভিন্ন অঙ্গসংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

পিরোজপুর :শহরের সিও অফিস মোড়ে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো. সাইদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর পৌরসসভার মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খালেক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী।

ভাণ্ডারিয়া (পিরোজপুর) :ভাণ্ডারিয়ার সব ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো ব্যাচ ধারণ, পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা, মিলাদ মাহফিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ’৭৫ এর ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত এবং বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়া উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, জাতীয় পার্টি জেপি এবং তার অঙ্গসংগঠনের উদ্যোগে স্থানীয় ওভারব্রিজ সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত শোকর্যালি শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শেষে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর।

গোপালগঞ্জ :গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

কুমিল্লা :নগরীর কান্দিরপাড় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি।

রাজবাড়ী :রাজবাড়ীতে জেলা প্রশাসকের আম্রকানন চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক দিলসাদ বেগম প্রমুখ।

চাঁদপুর :চাঁদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ, দুস্থদের মধ্যে খাবার বিতরণ, আলোচনাসভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

লক্ষ্মীপুর :সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, সদর উপজেলা প্রশাসন, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন কালেক্টরেট প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

ফেনী :জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল-হাসান শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। এদিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও শহরের বিভিন্ন স্থানে কাঙ্গালিভোজ, রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

জামালপুর :জেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি।

মাগুরা :জেলা প্রশাসনের পক্ষ থেকে নোমানী ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম প্রমুখ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

নরসিংদী :‘জয়বাংলা চত্বরে’ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

গাইবান্ধা :স্থানীয় পাবলিক লাইব্রেরি চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক এবং ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

লালমনিরহাট :লালমনিরহাটে বিজিবি দুস্থদের মধ্যে খাদ্যসহায়তা বিতরণ করেছে।

সিরাজগঞ্জ :জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে আলোচনাসভা, অনলাইনভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও জাতির পিতার জীবন ও কর্মের ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

সুনামগঞ্জ :পৌর শহরের জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ।

নড়াইল :জেলা প্রশাসনের আয়োজনে পুরাতন বাস টার্মিনালে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

মৌলভীবাজার :মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে আয়োজন করা হয় বিভিন্ন কর্মসূচির। সংস্থাটির শ্রীমঙ্গল কার্যালয়ে ত্রাণ বিতরণ উদ্বোধন করেন পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড জিএমডি, পিজিসিবির শ্রীমঙ্গলের নির্বাহী প্রকৌশলী মো. সুহেল মিয়া।

চাঁপাইনবাবগঞ্জ :জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দ দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন। এছাড়া তাদের উদ্যোগে বৃক্ষরোপণ ও কোরআন খতমের ব্যবস্থা করা হয়।

নেত্রকোনা :নেত্রকোনা-২ আসনের এমপি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

টাঙ্গাইল :জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

কাউখালী (পিরোজপুর) :কাউখালী জাতীয় পার্টি-জেপির উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তপক অর্পণ, আলোচনাসভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। কাউখালী উপজেলা জাতীয় পার্টি-জেপির কার্যালয়ে জেপির ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনুর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, যুগ্ম-সাধারণ সম্পাদক বজলুর রহমান নান্নু, খান মো. বাচ্চু, জেপি নেতা নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল প্রমুখ।

এছাড়াও পিরোজপুরের স্বরূপকাঠি, দিনাজপুরের কাহারোল, ঘোড়াঘাট ও হাকিমপুর, কুড়িগ্রামের ফুলবাড়ী, চিলমারী, মেহেরপুরের গাংনী, পটুয়াখালীর দুমকি, বাউফল ও মীর্জাগঞ্জ, কুমিল্লার হোমনা, মনোহরগঞ্জ, তিতাস ও লাকসাম, নওগাঁর বদলগাছী, নিয়ামতপুর, ধামইরহাট ও রাণীনগর, পঞ্চগড়ের আটোয়ারী, নোয়াখালীর সেনবাগ, চাটখিল ও হাতিয়া, বরিশালের গৌরনদী, বাকেরগঞ্জ ও আগৈলঝাড়া, কিশোরগঞ্জের কুলিয়ারচর, পাবনার ঈশ্বরদী ও চাটমোহর, নড়াইলের লোহাগড়া ও কালিয়া, খাগড়াছড়ির মহালছড়ি ও লক্ষ্মীছড়ি, ঝিনাইদহের মহেশপুর, নীলফামারীর সৈয়দপুর ও কিশোরগঞ্জ, ভোলার মনপুরা, কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভূরঙ্গামারী, ইসলামী বিশ্ববিদ্যালয়, সাতক্ষীরার তালা, ময়মনসিংহের নান্দাইল, ধোবাউড়া ও ত্রিশাল, কক্সবাজারের টেকনাফ, রাজশাহীর তানোর, চট্টগ্রামের রাউজান ও চন্দনাইশ, ফরিদপুরের চরভদ্রাসন ও মধুখালী, খুলনার পাইকগাছা, সুনামগঞ্জের জগন্নাথপুর, ছাতক ও দিরাই, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ঝালকাটির কাঠালিয়া, নাটোরের সিংড়া ও বড়াইগ্রাম, শরীয়তপুরের ডামুড্যা, বশেমুরবিপ্রবি, কুমিল্লার চৌদ্দগ্রাম এবং বান্দরবানের আলীকদম উপজেলাসহ সারা দেশেই নানা কর্মসূচিতে দিসবটি পালিত হয়েছে।