কুলিয়ারচরে সড়কগুলো খানাখন্দে বেহাল

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২১:৪১

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

খানাখন্দে বেহাল হয়ে পড়েছে কুলিয়ারচরে সড়কগুলো। বৃষ্টি  হলেই সড়কের কোথাও কোথায় তিন/চার দিন পরও জমে থাকছে পানি। এতে চরম দুর্ভোগে পড়েছেন এসব সড়ক দিয়ে চলাচল করা পথচারী ও যানবাহন চালকরা। সরেজমিনে দেখা যায়, কুলিয়ারচর-দাড়িয়াকান্দি সড়কের ঘোষপাড়া মোড়, ফায়ার সার্ভিস ও স্টিল ব্রিজের মাঝামাঝি, দাড়িয়াকান্দি-বেলাব সড়কের পৌর ভূমি অফিসের পেছনে, আনন্দ সিনেমা হলের পেছনে, বেগম নুরুন্নাহার বালিকা বিদ্যালয়ের পেছনে, কুলিয়ারচর-ভাগলপুর সড়কের চৌমুড়ি বাজার সংলগ্ন স্থানসহ বিভিন্ন জায়গায় সড়কে জমে আছে পানি।

বিভাটেকচালক সুমন মিয়া, কাজল, বাবুল, অটোচালক আফজাল মিয়া, রিয়াদ, সিএনজিচালক জনি, ইমাম মিয়াসহ একাধিক চালক জানান, বৃষ্টির তিন/চার দিন পরও সড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকে। ফলে প্রায়ই পানি ঢুকে বিকল হয়ে পড়ে ইঞ্জিন। এ বিষয়ে সাবেক কাউন্সিল আজাহার উদ্দিন লিটন বলেন, প্রকৌশলী ও ঠিকাদারের পরিকল্পনার ব্যর্থতার কারণে এসব সমস্যাগুলো সৃষ্টি হয়।

এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী সাজ্জাত হোসেন বলেন, আপাতত রাবিশ দিয়ে সড়কগুলো সংস্কারের পরিকল্পনা করেছি। আগামী এক সপ্তাহের মধ্যেই সড়কগুলো মোটামোটিভাবে চলাচলের উপযোগী করা হবে। কুলিয়ারচর থেকে দাড়িয়াকান্দি সড়কের টেন্ডার হয়েছে। আশা করি, অক্টোবরের পরেই কাজ শুরু হবে। এছাড়া কুলিয়ারচর থেকে জামুলা সড়কের ইস্টিমেট পাঠিয়ে দিয়েছি। পাশ হলে সেপ্টেম্বরের শেষের দিকেই টেন্ডার হয়ে যাবে এবং এ বছরের মধ্যেই দুটো সড়কের কাজ শেষ হয়ে যাবে।