চামড়া নিয়ে বিপাকে দিনাজপুরের ব্যবসায়ীরা

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২১:৪১

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

এবারের কোরবানিতে কেনা প্রায় ৮০ হাজার পশুর চামড়া নিয়ে বিপাকে পড়েছেন দিনাজপুরের চামড়া ব্যবসায়ীরা। লবণজাত এসব চামড়া বিক্রি করতে না পারায় চরম দুশ্চিন্তায় পড়েছেন তারা। পাশাপাশি ট্যানারি মালিকদের কাছে গত পাঁচ বছরের বকেয়া ১০ কোটি টাকা না পেয়ে পথে বসেছেন জেলার অনেক চামড়া ব্যবসায়ী।

দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক আকতার আজিজ জানান, গত পাঁচ বছর ধরে ট্যানারি মালিকদের কাছে এই জেলার চামড়া ব্যবসায়ীদের প্রায় ১০ কোটি টাকা বকেয়া পাওনা রয়েছে। এছাড়াও এ বছর কোরবানিতে দিনাজপুর শহরসহ উপজেলা পর্যায়ে প্রায় ৬০ হাজার গরু এবং ২০ হাজার ছাগলের চামড়া কিনে লবণজাত করে রাখা হয়েছে। কিন্তু পূর্বের বকেয়া পাওনা তো দূরের কথা এবারের কেনা এসব চামড়া বিক্রি করতে পারছেন না তারা। এই অবস্থায় ধার-দেনা করে প্রায় সাড়ে ৪ কোটি টাকার চামড়া কিনেও বিক্রি করতে না পারায় দুর্বিপাকে পড়েছেন।

দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের সভাপতি জুলফিকার আলী স্বপন ইত্তেফাককে জানান, পাঁচ বছর ধরে চামড়ার ব্যবসায়ে মহাসংকট চলছে। ট্যানারি মালিকরা বিভিন্ন অজুহাত প্রদর্শন করে ও একেক সময় একেক কৌশল অবলম্বন করে জোটবদ্ধ হয়ে বাজারমুখী নিম্ন দর সৃষ্টি করে সাধারণ চামড়া ব্যবসায়ীদেরকে সর্বস্বান্ত করেছে। এরপরেও বকেয়া পাওনা টাকা পরিশোধ করছেন না তারা। আগামী দুই-এক দিনের মধ্যে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে কাঁচা চামড়াগুলো বিক্রয়সহ ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া ১০ কোটি টাকা তুলে দেওয়ার অনুরোধ জানান চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের সভাপতি।