করেঙ্গাতলীতে সাঁকো ঝুঁকিপূর্ণ

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২১:৪২

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাধীন বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী বাজার এলাকায় কাচালং নদীর ওপর সেতু না থাকায় ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন স্থানীয়রা। নিজ উদ্যোগে নির্মিত কাঠের সাঁকো দিয়ে শুকনো মৌসুমে পারাপার হলেও বর্ষা এলে সেটি বন্যার পানিতে তলিয়ে যায়। স্থানীয় সমরেশ চাকমা বলেন, ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে নদী পার হয়ে প্রাথমিক বিদ্যালয় ও ইউনিয়নের একমাত্র মাধ্যমিক উচ্চবিদ্যালয়ে কোমলমতি ছাত্র-ছাত্রীদের ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হয়। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের বিড়ম্বনার শেষ থাকে না। উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, ঐ নদীতে সেতু নির্মাণের প্রকল্প প্রস্তুত করে প্রস্তাবনা পাঠিয়েছি। আশাকরি দ্রুত কাজ শুরু করতে পারব।