ষড়যন্ত্রকারীরা বারবার আঘাত করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে --- রেড ক্রিসেন্ট চেয়ারম্যান

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২১:৪৭

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহহাব উপস্থিত ছিলেন।

মিলাদপূর্ব বক্তব্যে মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহহাব বলেন, জাতির পিতা চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে। ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শ ও স্বপ্নের মৃত্যু ঘটাতে পারেনি। বঙ্গবন্ধুকন্যার হাত ধরে এদেশ এগিয়ে যাচ্ছে। ষড়যন্ত্রকারীরা বারবার আঘাত করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তিনি বলেন, শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়ে তুলতে হবে।

এর আগে স্বাধীনতা চিকিত্সক পরিষদ, স্বাচিপ হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. দৌলতুজ্জামানের নেতৃত্বে কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মোর্শেদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, হাসপাতালের উপ-পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আনিসুজ্জামান, উপ-পরিচালক (মেডিক্যাল) ডা. শরীফ মাহমুদ রুমি, অধ্যাপক ডা. খাজা সাজেদ আনোয়ার, ডা. দাস উত্তম কুমারসহ কলেজ ও হাসপাতালের সর্বস্তরের শিক্ষক, চিকিত্সক, ছাত্রছাত্রী,  কর্মকর্তা-কর্মচারী, সেবিকাবৃন্দ ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে এবং কলেজে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।