ইত্তেফাক রিপোর্ট
ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির জন্য এক কলঙ্কময় দিন। জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে তার কন্যা জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। গতকাল রবিবার ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢামেক হাসপাতালের সভাকক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলে।
হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (অর্থ ও স্টোর) ডা. মো. আশরাফুল আলম বলেন, শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সব শহীদের আত্মার শান্তি কামনা করছি। এ সময় ঢামেক সেবা তত্ত্বাবধায়ক শিখা বিশ্বাসসহ হাসপাতালের চিকিত্সক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে ঢামেক হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে জাতির পিতার ছবিসংবলিত নতুন ম্যুরালে ফুল দিয়ে পরিচালকসহ অন্যরা শ্রদ্ধা নিবেদন করেন। এতে বঙ্গবন্ধু ও তার পরিবারে সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
আলোচনা শেষে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ও স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে মোহাম্মদ কামাল হোসেন পাটওয়ারী ও মো. ইকবাল হোসেন সবুজ যৌথ বিবৃতিতে বলেন, যারা বঙ্গবন্ধু খুনিদের এ দেশে লালন-পালন করেছে তাদের ছাড় দেওয়া যাবে না। যাদের বিচার এখনো হয়নি তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
