সাম্য প্রতিষ্ঠার মাধ্যমেই শোভন জীবনব্যবস্থায় উন্নীত হতে হবে

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২২:০০

অর্থনীতি সমিতির ভার্চুয়াল আলোচনা

ইত্তেফাক রিপোর্ট

শোষণনির্ভর পুঁজিবাদচালিত বিদ্যমান অর্থনীতি-সমাজ-রাষ্ট্রব্যবস্থায় কাঙ্ক্ষিত শোভন-সুন্দর বাংলাদেশ ও বিশ্ব কোনোভাবেই অর্জন করা সম্ভব নয়। এ জন্য পুঁজিবাদের বিরুদ্ধে সমন্বিত লড়াই করতে হবে। মানুষে-মানুষে সাম্য প্রতিষ্ঠার মাধ্যমেই শোভন একটি সমাজ ও জীবনব্যবস্থায় উন্নীত হতে হবে। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত ‘শোভন সমাজের সন্ধানে’ শীর্ষক সাত পর্বের ভার্চুয়াল ‘একক আলোচনা’ অনুষ্ঠানের দ্বিতীয় আয়োজনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. সুশান্ত কুমার দাস এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও অর্থনীতিবিদ ড. আবুল বারকাতের ‘বড় পর্দায় সমাজ-অর্থনীতি-রাষ্ট্র: ভাইরাসের মহাবিপর্যয় থেকে শোভন বাংলাদেশের সন্ধানে’ গবেষণা গ্রন্থের বিভিন্ন অধ্যায়কে কেন্দ্র করে একক আলোচকভিত্তিক এই ওয়েবিনারে ড. সুশান্ত দাস বলেন, বাংলাদেশের আর্থসামাজিক-অর্থনৈতিক অবস্থা নিয়ে গ্রন্থটিতে ব্যাপক ও বিস্তৃতভাবে গ্রন্থকার যে ব্যাখ্যা-বিশ্লেষণ উপস্থাপন করেছেন, তা বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে জাতির জন্য একটি মৌলিক অবদান। যার সুদূরপ্রসারি প্রভাব অবশ্যম্ভাবী। শোভন বাংলাদেশের অশোভন প্রতিপক্ষ হিসেবে সাম্প্রদায়িকতা ও মৌলবাদকে চিহ্নিত করা তথ্য-উপাত্তগতভাবে মৌলিকত্বে উত্তীর্ণ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

ঢাকার ইস্কাটনে সমিতির কার্যালয় ভার্চুয়াল পদ্ধতিতে এই ওয়েবিনার পরিচালিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ। উল্লেখ্য, শোভন সমাজ, শোভন সংস্কৃতি, শোভন জীবনবোধ, শোভন জীবনব্যবস্থা, শোভন অর্থনীতি, শোভন রাষ্ট্র বিনির্মাণে জ্ঞানভিত্তিক প্রভাবকের ভূমিকা পালন করার লক্ষ্য নিয়ে এই গ্রন্থটির গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশ নিয়ে চলতি বছরের ১৩ মার্চ ভার্চুয়াল ওয়েবিনার সিরিজের সূচনা করে বাংলাদেশ অর্থনীতি সমিতি।