নানা আয়োজনে গতকাল পালিত হয়েছে ইতিহাসের বেদনাবিধুর স্মৃতি বিজড়িত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। দিনটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যার নেপথ্য হোতাদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
গাজীপুর প্রতিনিধি :দিনটি উপলক্ষ্যে আওয়ামী লীগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসমূহ দিনব্যাপী পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে। সকালে জেলা প্রশাসন চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে সর্বস্তরের কর্মকর্তা ও নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দুপুরে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গতাজ অডিটরিয়ামে আলোচনাসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতউল্লাহ খান।
একই সময়ে জেলা প্রশাসন কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। এর আগে গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতি ক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম মাসুম। এদিকে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল স্থানীয় শহিদ বরকত স্টেডিয়ামে শোক দিবসে দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করেন।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : জাতীয় শোক দিবসে গতকাল সোনারগাঁও উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি ও উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে বিভিন্ন স্থানে আলোচনাসভা, মিলাদ, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে ও সোনারগাঁও উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম -আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ডা. আবু জাফর চৌধুরী বিরুসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :জাতীয় শোক দিবসে রূপগঞ্জ উপজেলা প্রশাসন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ, আশালয় আবাসন প্রকল্পের প্লট মালিক সমিতি, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।
মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ গাজী অডিটোরিয়ামে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান। সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. শাহ্জাহান ভুঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আলহাজ মো. ছালাউদ্দিন ভুঁইয়া, আশালয় আবাসন প্রকল্পের প্লট মালিক সমিতির সভাপতি ওবায়দুল মজিদ জুয়েল মাস্টার, আওয়ামী লীগ নেতা তাবিবুল কাদির তমাল, মশিউর রহমান তারেক, আব্দুল মান্নান মুন্সি, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরী অপু ও সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সজিব প্রমুখ। পরে দুস্থ, গরিব, অসহায় ও পথশিশুসহ সবার মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :কোনো নেতা নন। কোনো দলীয় কর্মীও নন। ওরা নিতান্তই দরিদ্র মানুষ। যাদের নুন আনতে পান্তা ফুরায়। সেই দরিদ্র মানুষগুলোই নিজ উদ্যোগে জাতির পিতাকে শ্রদ্ধাভরে স্মরণ করল। নিরাশ্রয় মানুষগুলো সেমিপাকা ঘরে মাথা গোঁজার ঠাঁই পেয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশে জাতীয় শোকদিবস পালন করেন। আলোচনাসভা, মিলাদ ও দোয়া এবং কাঙালিভোজের আয়োজন করে ৪০টি দরিদ্র পরিবার তাক লাগিয়ে দেয় আড়াইহাজার উপজেলাবাসীকে।
আমন্ত্রণ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শাখী ছেপ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মল্লিক ও আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ উপস্থিত হন সেখানে। জাতির পিতার প্রতি আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাসেরকান্দি আশ্রয়ণ প্রকল্পে দরিদ্র পরিবারগুলোর মমত্ববোধ সবাইকে অভিভূত করেছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দরিদ্র পরিবারগুলোর মধ্যে চাল, ডালসহ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। শিশুদের মধ্যে বিতরণ করা হয় শুকনো খাবার। সবশেষে সরকারি কর্মকর্তারা আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষ রোপণ করেন।
ধামরাই (ঢাকা) সংবাদদাতা :জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি’ দিয়েছে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই। এ ছাড়া সংস্থাটি গতকাল স্বাস্থ্যবিধি মেনে সূতিপাড়া এফটিসিতে বঙ্গবন্ধু, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ওপর বিস্তর আলোচনা, শিশু-কিশোরদের মধ্যে মাস্ক ও গাছের চারা বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করে। আলোচক ছিলেন একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বরেণ্য অভিনয় শিল্পী দিলারা জামান। সংস্থার সিইও সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র গোলাম কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী, ধামরাই থানার ওসি মো. আতিকুর রহমান প্রমুখ।
